‘সাফল্য তোমাদের, ব্যর্থতা আমার’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে নতুন দল গুজরাট টাইটানসকে নেতৃত্ব দেবেন ভারত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তার ফিটনেস নিয়ে শঙ্কা ছিল, যদিও সেটা উতরে গেছেন তিনি। টুর্নামেন্ট শুরুর আগে তিনি এবার বললেন, এবারের আসরে ব্যর্থ হলে সেই দায় নিজেই নেবেন। আর সাফল্য আসলে সেটা সতীর্থদের বলে জানালেন তিনি।
বৃহস্পতিবার (১৭ মার্চ) গুজরাট টাইটানসের টুইটারে এক ভিডিও বার্তায় সতীর্থদের উদ্দেশে হার্দিক বলেন, ‘এই মৌসুমে আমার দর্শন হলো সাফল্য সব তোমাদের, ব্যর্থতার দায় আমার।’
এবারের আইপিএল শুরু হচ্ছে মার্চের ২৬ তারিখ, ফাইনাল হবে ২৯ মে। চলতি আসরে নতুন দুটি দল লখনৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটানসে যোগ দেওয়ায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটিতে দলের সংখ্যা বেড়ে হয়েছে ১০। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেললে প্রত্যেক দলকে খেলতে হতো কমপক্ষে ১৮টি ম্যাচ। যেটা আগের আসরগুলোর তুলনায় ৪ ম্যাচ বেশি। ফলে ম্যাচ পরিচালনার সুবিধার্থে গ্রুপভিত্তিতে ভাগ করে আয়োজন করা হবে এবারের আইপিএল।
আইপিএলের চলতি আসরে ১০ দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে থাকছে পাঁচটি করে দল। টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের সঙ্গী হিসেবে গ্রুপ ‘এ’-তে থাকবে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও লখনৌ সুপার জায়ান্টস। অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে অংশ নেবে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস।
এন-কে


আপনার মতামত লিখুন