টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ শামির!
ভারতের টেস্ট দলে জায়গা পাকাপোক্ত থাকলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে খুঁটি নড়বড়ে মোহাম্মদ শামির। গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার সংক্ষিপ্ত এ ফরম্যাটে দেশের হয়ে খেলেছিলেন। সামনে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার কি তবে সুযোগ হারাচ্ছেন টিম ইন্ডিয়ার এ পেসার।
ভারতীয় দলে তারকাদের ছড়াছড়িতে এমনিতেই একাদশে সুযোগ পাওয়া নিয়ে প্রতিযোগিতা অনেক। এর মধ্যে টি-টোয়েন্টিতে সেই লড়াই যেন আরও কয়েকগুণ বেশি। যশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ ও আভেশ খানরা আছেন প্রতিযোগিতার দৌড়ে। শামিকে সুযোগ পেতে হলে তাদের সঙ্গেই লড়ে টিকে থাকতে হবে।
টি-টোয়েন্টিতে কেন নিয়মিত সুযোগ পাচ্ছেন না শামি? এ প্রসঙ্গে এক বিশ্লেষক বলেছিলেন, সে যেই লেংথে বল করে থাকে, সেটি টেস্টের জন্য আদর্শ। কিন্তু সেই লেংথ টি-২০ ক্রিকেটে ব্যাটারের রান তোলার জায়গা। সেই তুলনায় তরুণ বোলারদের হাতে নানা রকমের অস্ত্র থাকে। তাই তারা দৌড়ে অনেক এগিয়ে।
এদিকে, ভারতীয় গণমাধ্যমের দাবি, বিসিসিআই তথা দেশটির বোর্ড সূত্রে জানা গেছে, এই মুহূর্তে দলের টি-টোয়েন্টির ভাবনায় নেই শামি। তবে এখনো বিশ্বকাপের অনেকদিন বাকি। এছাড়া বিশ্বকাপের আগেই মাঠে গড়াচ্ছে আইপিএল। জমজমাট এই লিগটিতে ভালো করতে পারলে আবারও জাতীয় দলের দরজা খুলতে পারে তার জন্য।
এদিকে, আইপিএলের পারফরম্যান্সের ওপর নজর থাকে ভারতের নির্বাচকদেরও। তাই সেখানে ভালো করতে পারলে সুযোগ মিলতে পারে শামির।
গেল বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ভারতের। পাকিস্তানের বিপক্ষেও গো-হারা হেরেছে দল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বাজে বোলিংয়ের কারণে সমর্থকদের তোপের মুখে পড়েছিলেন মোহাম্মদ শামিও। এমনকী তার ধর্ম নিয়ে কটাক্ষ করা হয়েছে। যদিও সাবেক অধিনায়ক বিরাট কোহলি সবসময় শামির পক্ষই নিয়েছিলেন।
এন-কে


আপনার মতামত লিখুন