ব্রাথওয়েট-ব্ল্যাকউডের শতকে লড়াইয়ে ফিরেছে ক্যারিবীয়রা
ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে আরও দুই শতক দেখল দর্শক। প্রথম দুই দিনে জো রুট ও বেন স্টোকসের শতকের জবাবে তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শতক হাঁকিয়েছেন ক্রেইগ ব্রাথওয়েট ও জার্মেইন ব্ল্যাকউড। তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ২৮৮ রান, এখনো ইংল্যান্ড থেকে পিছিয়ে ২১৯ রানে।
১ উইকেটে ৭১ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামেন শামার ব্রুকস ও ব্রাথওয়েট। দলের খাতায় মাত্র ১২ রান যোগ করতেই দিনের প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। ১০৫ বলে ৩৯ রান করে ব্রুকস আউট হন জ্যাক লিচের শিকার হয়ে।
এরপর ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের নায়ক এনক্রুমাহ বোনারকেও দ্রুত ফেরান স্টোকস। ১০১ রানে চারটি উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে দলকে টেনে তুলেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ও জার্মেইন ব্ল্যাকউড।
চতুর্থ উইকেটে এই দুজন গড়েন ১৮৩ রানের জুটি। দুজনেই হাঁকিয়েছেন শতক। তবে তিন অঙ্ক স্পর্শের পর দিনের শেষ বেলায় আউট হন ব্ল্যাকউড। ড্যানিয়েল লরেন্সের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ২১৫ বলে ১০২ রান করেন তিনি।
এদিকে অধিনায়ক ব্রাথওয়েট শতক হাঁকিয়ে অপরাজিত আছেন ১০৯ রানে। ব্রাথওয়েটের সঙ্গে ক্রিজে আছেন নাইটওয়াচম্যান আলজারি জোসেফ। তৃতীয় দিন সম্পূর্ণ ৯০ ওভার ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করেছে ২১৭ রান। দিন শেষে তাদের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৮৮ রান।
এদিকে দ্বিতীয় টেস্টের প্রথম দুদিনে দারুণ ব্যাটিং করে ৫০৭ রানের পাহাড়সম রান করে ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে শতক হাঁকান অধিনায়ক রুট ও বেন স্টোকস। ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের হিসাবে রুট আছেন দ্বিতীয় স্থানে। ১১৬ টেস্টে তার রান ৯ হাজার ৮৪১। ১৬১ টেস্টে কুক ১২ হাজার ৪৭২ রান নিয়ে আছেন সবার শীর্ষে। সেঞ্চুরির হিসেবে কুক যেমন রুটের সামনে, তেমনি ফিফটির মাইলফলকেও এগিয়ে কুক। রুট ৫৩টি ও কুক ৫৭টি হাফসেঞ্চুরি করেছেন লাল বলের ক্রিকেটে।
এন-কে


আপনার মতামত লিখুন