বার্সেলোনায় যাচ্ছেন লেভানডভস্কি!
বার্সেলোনায় যাচ্ছেন বায়ার্নের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি–এমন গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। বায়ার্ন মিউনিখের সঙ্গে ৩৩ বছর বয়সী এই পোলিশ স্ট্রাইকারের চুক্তি শেষ হবে ২০২৩ সালে।
২০১৪ সালে বরুশিয়া ডর্টমুন্ড ছাড়ার পর ফ্রিতে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন লেভানডভস্কি। এর প্রতিদানও দিয়েছেন এই পোলিশ স্ট্রাইকার। এখন পর্যন্ত ২৪৬ ম্যাচ খেলে ২৩৪ গোল করেছেন লেভা। জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ, সাতবার লিগ শিরোপা। হয়েছেন দুবার উয়েফা বর্ষসেরা স্ট্রাইকার। বলতে গেলে বায়ার্নে সবই জিতে নিয়েছেন তিনি। চলতি মৌসুমেও উড়ছেন লেভা। এই মৌসুমে ২৭ ম্যাচে ৩১ গোল করেছেন তিনি। তাই এবার বায়ার্নের সঙ্গে চুক্তি শেষ হলে নতুন চ্যালেঞ্জ নিতে চান পোলিশ স্ট্রাইকার।
এদিকে লেভানডভস্কির ইচ্ছার কথা শুনে এরই মধ্যে তাকে প্রস্তাবও জানিয়েছে বার্সেলোনা। স্পোর্টের এক প্রতিবেদনমতে, বার্সা পোলিশ এই স্ট্রাইকারকে চার বছরের জন্য চুক্তি করতে প্রস্তাব দেবে। বার্সেলোনার মালিক হুয়ান লাপোর্তা বিশ্বাস করেন, ‘এই বয়সেও সে (লেভানডভস্কি) শীর্ষস্তরে পারফর্ম করতে পারে।’
এদিকে লাপোর্তার সঙ্গে লেভানডভস্কির এজেন্ট পিনি জাহিভির সম্পর্ক অনেক ভালো। ফলে যদি লেভানডভস্কিকে লাপোর্তা দলে আনতে চান, তবে তার এজেন্টের সঙ্গে কথা এগোলেই হবে।
সুয়ারেজ দল ছাড়ার পর থেকেই বার্সেলোনা তাদের সলিড নাম্বার নাইন পজিশনে খেলতে পারে–এমন খেলোয়াড় খুঁজছে। আগুয়েরো দলে এলেও হৃদ্রোগের সমস্যার কারণে ফুটবল থেকে অবসর নিয়েছেন তিনি। বর্তমানে অবামিয়াং দলের মূল নাম্বার নাইনে খেললেও বার্সার চোখ আরও বড় খেলোয়াড়ের দিকে।
যদি বার্সেলোনা হল্যান্ড অথবা এমবাপ্পেকে দলে নিতে ব্যর্থ হয়, তবে লেভানডভস্কিকে অবশ্যই দলে নিতে দেরি করবেন না লাপোর্তা। এদিকে অবামিয়াং, তোরেস ও ত্রায়োরে দলে আসার পর বার্সেলোনা অনেক বদলে গেছে। যদি লেভানডভস্কিকে দলে আনে বার্সা, তবে তাদের আক্রমণ ভাগ আরও ধারালো হবে। তবে যদি বার্সেলোনা লেভানডভস্কিকে ফ্রিতে পেতে চায় তবে তাদের আরও এক মৌসুম অপেক্ষা করতে হবে।
এন-কে


আপনার মতামত লিখুন