শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত পরিকল্পনা জরুরিঃ আ জ ম নাছির
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সরকার শিক্ষার মান উন্নয়নে গরীব মেধাবী কোটা ব্যবস্থা, উপবৃত্তি, বিনামূল্যে বই বিতরণসহ নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। সরকারের এই উদ্যোগকে শতভাগ সফল করতে হলে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নতকরণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য শিক্ষক শিক্ষিকা, অভিভাবকমন্ডলী ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টা পরিকল্পনা জরুরি। এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
আজ বুধবার (১ জুন) দুপুরে নগরীর শেরশাহ কলোনিস্থ ডা. মজহারুল হক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একেএম ইমদাদুল আনোয়ারের বিদায় উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে বিদ্যালয় অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডা. মজহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নিউটন দত্ত, সহকারি শিক্ষক মনোতোষ মজুমদার, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য সালাউদ্দিন, অভিভাবক সদস্য মো. ফজল আমিন,বশির আহমেদ, শাকিল আহমেদ, তিতুমীর রহমান, সাবেক সদস্য মাসুদ আলম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক একেএম ইমদাদুল আনোয়ারকে শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকদের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন