ডি মারিয়াকে নিয়ে বার্সা-য়্যুভেন্তাসের টানাটানি
সদ্য সমাপ্ত মৌসুমেই পিএসজিকে বিদায় বলে দিয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়া। এখন তার সময় পরবর্তী ক্লাব বেছে নেয়ার। আর্জেন্টিনার এই তারকাকে দলে ভেড়াতে অনেক আগেই নিজেদের আগ্রহের কথা জানিয়েছিল ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাস। যদিও শুরুতেই ‘না’ করে দেন মেসির এই সতীর্থ। এরপর আগ্রহ দেখায় লা লিগার ক্লাব বার্সেলোনাও।
এদিকে, মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, প্রথম দফার অফার প্রত্যাখ্যাত হওয়ার পর আবারও নতুন করে ডি মারিয়াকে পেতে চাইছে য়্যুভেন্তাস।
প্রায় দুই মাস ধরে ডি মারিয়ার সঙ্গে কথা চালাচালি করছে য়্যুভেন্তাস। প্রথম দফায় দুই বছরের চুক্তির প্রস্তাবও দিয়েছিল তারা। কিন্তু স্কাই স্পোর্টসের ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুসা ডি মার্জিও জানিয়েছেন, আর্জেন্টাইন এই তারকা ২০২৩ সালের শেষের দিকে নিজ দেশেই ফিরবেন।
শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরে যাওয়ার পরিকল্পনা তার। সেখানেই ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে চান সাবেক রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। এরই মধ্যে আগামী বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই আর্জেন্টাইন ফুটবলার।
ডি মারিয়ার মনের অবস্থা বুঝতে পেরে এবার দুই বছরের চুক্তি এক বছরে কমিয়ে আনতে চাচ্ছে তুরিনের বুড়িরা। শোনা যাচ্ছে, নতুন অফারের ব্যাপারে চলতি সপ্তাহেই মন্তব্য করবেন মারিয়া।
এ ছাড়া এমনও শোনা যাচ্ছে, ডি মারিয়া এবং তার পরিবার ইতালির চেয়ে স্পেনেই থিতু হতে চাচ্ছে।
কদিন আগেই স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ জানিয়েছিল, ডি মারিয়াকে দলে টানতে আগ্রহী বার্সেলোনা। এরপর ইতালিয়ান সাংবাদিক মাতেও মোরেত্তো জানান, ডি মারিয়াও কাতালান ক্লাবটির হয়ে খেলতে চান। এরই মধ্যে দুপক্ষের আলোচনাও শুরু হয়ে গেছে।
রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচ মৌসুম স্পেনে কাটিয়েছেন ডি মারিয়া। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। এ সময়ে ক্লাবটির হয়ে ১৯৪ ম্যাচ খেলে ৩৭ গোল করেছিলেন তিনি। রিয়ালের হয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ এবং উয়েফা সুপার কাপের শিরোপাও জিতেছেন তিনি।
এন-কে


আপনার মতামত লিখুন