কাতার বিশ্বকাপ: ব্রাজিলের ফাইনালে খেলার ‘রোডম্যাপ’
কাতার বিশ্বকাপের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। সংবাদমাধ্যম থেকে ক্রীড়াবোদ্ধা এমনকি ভক্ত-সমর্থক সবারই যেন এরই মধ্যে ঘুম হারাম। কোন দল ফেবারিট, কারাই-বা জিতবে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট, তা নিয়েই চলছে বিস্তর কাটাছেঁড়া। প্রিয় দলের ফাইনালের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে কারা, সেটি নিয়েও চলছে জোর চর্চা।
বিশ্বকাপ মিশন শুরু করার আগে দুর্দান্ত ফর্মে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চল থেকে শীর্ষস্থানে থেকে কাতারের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। এ ছাড়া ফিফা র্যাংকিংয়েও শীর্ষে আছে দলটি। এদিকে এবারের আসরটি ব্রাজিলের সেরা তারকা নেইমারের শেষ বিশ্বকাপ। কেননা নেইমার ইতোমধ্যে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আর তাই বলাই যায়, এবারের আসরে শিরোপার জন্য প্রাণপণ দিয়ে লড়বে সেলেসাওরা।
কাতার বিশ্বকাপের টপ ফেবারিট ব্রাজিল ষষ্ঠ শিরোপার লড়াইয়ে তাদের মিশন শুরু করতে যাচ্ছে। ২২তম এই আসরের ফাইনালে যেতে নেইমারদের রোডম্যাপ।
বিশ্বকাপের ‘জি’ গ্রুপে আছে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন। নেইমারদের বর্তমান পারফরম্যান্স বিচারে এটা সহজেই অনুমেয়, কোনো অঘটন না ঘটলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে যাচ্ছে ব্রাজিলই।
‘জি’ গ্রুপ থেকে ব্রাজিল চ্যাম্পিয়ন হলে তাদের দেখা হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের সঙ্গে। যেখানে তাদের লড়তে হবে পর্তুগাল, উরুগুয়ে, ঘানা ও দক্ষিণ কোরিয়ার মধ্য থেকে যে কোনো একটি দলের বিপক্ষে। ‘এইচ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবে রোনালদোর পর্তুগালই ফেবারিট। কেউ কেউ আবার বাজি ধরছেন উরুগুয়ের পক্ষেও। তবে ব্রাজিলের প্রতিপক্ষ যেই হোক শেষ ষোলোর ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নামবে নেইমার-জেসুসরা।
নক আউট পর্বে এইচ গ্রুপের প্রতিপক্ষকে (পর্তুগাল/উরুগুয়ে বা অন্য কেউ) হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলে ব্রাজিলের মুখোমুখি হতে হবে গ্রুপ ‘ই’-এর চ্যাম্পিয়ন ও ‘এফ’ গ্রুপের রানার্সআপের মধ্যকার সুপার সিক্সটিনের ম্যাচের জয়ী দলের বিপক্ষে। যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে জার্মানি ও ক্রোয়েশিয়া। যেখান থেকে জয়ী হিসেবে জার্মানিকেই দেখছে।
কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বনাম জার্মানি ম্যাচ হলে সুযোগ থাকবে প্রতিশোধ নেয়ার। কেননা ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের মাটিতেই তাদের ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি।
সেরা চারে জায়গা করে নিতে পারলে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে নেইমারদের। কেননা সেখানে সম্ভবত তাদের মুখোমুখি হতে হবে লাতিন আমেরিকার আরেক প্রতিপক্ষ আর্জেন্টিনার। সমীকরণ যদি ঠিক থাকে তাহলে সেমিফাইনালের ম্যাচটি রূপ নেবে সুপার ক্লাসিকোয়। যার আশায় ফুটবল বিশ্ব বসে থাকে। এই সুপার ক্লাসিকোয় জয় পেলেই নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের পথে এগিয়ে যেতে পারবে ব্রাজিল।
সেমির কঠিন বাধা টপকাতে পারলে ২০০২ সালের পর আবারও ফাইনাল খেলবে ব্রাজিল। যেখানে তাদের লড়তে হবে আরেক সেমিফাইনালে জয়ী দলের বিপক্ষে। কাতার বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে।
এন-কে


আপনার মতামত লিখুন