সীতাকুণ্ডে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন
সীতাকুণ্ড প্রতিনিধি: কৃষকের দোরগোড়ায় কৃষি প্রযুক্তির বিস্তারের লক্ষ্যে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সীতাকুণ্ড উপজেলার বাস্তবায়নে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ-এর সভাপতিত্বে কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। এর আগে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। তিনদিন ব্যাপী মেলায় মেলায় ১০ টি স্টলে কৃষি বিভাগের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়।
উল্লেখযোগ্য প্রযুক্তিগুলোর মধ্যে ছিল পলিশেডে গ্রীষ্মকালীন টমেটো চাষ, মালচিং পেপার ব্যবহার করে উচ্চমূল্য সবজি উৎপাদন, সিডলিং ট্রে তে চারা উৎপাদন, নিরাপদ ফল উৎপাদনের জন্য ব্যাগিং পদ্ধতির ব্যবহার, আইপিএম প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদন, সর্জন পদ্ধতিতে সবজি চাষ, ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট উৎপাদন প্রযুক্তি, বসতবাড়িতে পারিবারিক পুষ্টি বাগান, মিশ্র ফল বাগানসহ অন্যান্য প্রযুক্তি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তাহমিনা আরজু,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, পরিসংখ্যান কর্মকর্তা, সৌরভ পাল মিঠুন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলমসহ সরকারী কর্মকর্তা কর্মচারী এবং কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলার প্রথম দিন উৎসবমুখর পরিবেশে কৃষকেরা কৃষি বিষয়ক নানা প্রযুক্তি সম্পর্কে অবগত হন।


আপনার মতামত লিখুন