সীতাকুণ্ডের কদমরসুলে ছাত্রলীগ নেতার দখলে থাকা ৩০ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার
সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে এক ছাত্রলীগ নেতার দখলে থাকা ৩০ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড কদমরসুল জাহানাবাদ এলাকায় মুন্সী মিয়ার পুত্র এবং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ রমজান আলী কদমরসুল এলাকায় মহাসড়কের পাশে প্রায় দুই একর সড়ক ও জনপথ বিভাগের জায়গা দীর্ঘ বহু বছর ধরে দখল করে সেখানে ৩৫ টি দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন।
সোমবার (৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন এর নেতৃত্বে ঐ জায়গা উদ্ধারে অভিযান পরিচালিত হয়।
জানাযায়, ১ নং ওয়ার্ড কদমরসুল জাহানাবাদ এলাকায় (ছালেহ কার্পেট) মহাসড়কের পশ্চিম পাশের সড়ক ও জনপদ বিভাগের (সওজ) দুই একরের মূল্যবান জায়গা দীর্ঘদিন ধরে দখল করে সেখানে দোকান, ভাড়া ঘর, ডিপো বানিয়ে তা ভাড়া দিয়েছিল এছাড়া সেখানে একটি পুকুরও সে ভরাট করেছে এবং শতাধিক সরকারি গাছ কেটে দীর্ঘদিন ধরে তিনি দখলকৃত জায়গায় দোকান, ভাড়া ঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে লাখ টাকা ভাড়া আদায় করছেন। রমজান প্রতি দোকানদারের কাছ থেকে ৩ লাখ টাকা অগ্রিম বাবদ মাসে ৭ হাজার টাকা করে ভাড়া আদায় করতো। অভিযুক্ত রমজান পুরো জায়গাটিতে ট্রাক টার্মিনাল গড়ে তোলার পরিকল্পনা করে এগুতে থাকে।
এব্যাপারে উপজেলা নিবাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, রমজান আলী নামের এক যুবক দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৩০ কোটি টাকা মুল্যের জায়গা দখল করে সেখানে বেশ কিছু স্থাপনা তৈরী করে ভাড়া দিয়েছে। আমরা অভিযান পরিচালনা করে পুরো জায়গাটা উদ্ধার করেছি। যারা ঐ জায়গায় ভাড়া নিয়ে দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে তাদেরকে ১০ দিনের সময় দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে সব স্থাপনা সরিয়ে নিবে এরপর পুরো জায়গাটা আমরা সড়ক ও জনপথ বিভাগকে বুঝিয়ে দেবো।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, ইউপি সদস্য আবদুর শুক্কুরসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন