ফুটবলকে বিদায় বলে দিলেন সাবেক আর্সেনাল তারকা
মাত্র ৩০ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দিলেন সাবেক আর্সেনাল তারকা জ্যাক উইলশেয়ার। শুক্রবার (৮ জুলাই) টুইটারে নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
২০০৮ সাল থেকে আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার তরুণ উইলশেয়ারের ওপর ভরসা করে আর্সেনালে অভিষেক করান। অভিষেকের পর তরুণ উইলশেয়ার নিজের জাদু দেখাতে থাকেন। তার ড্রিবলিং, স্পিড, বল নিয়ন্ত্রণ দেখে তাকে অনেক ফুটবলারের সঙ্গে তুলনা করা শুরু হয়। তবে সময়ের সাথে সাথে ফিকে হয়ে যায় উইলশেয়ারের পারফর্মেন্স। আর আর্সেন ওয়েঙ্গারের ক্লাব ছাড়ার পর, একাদশেই জায়গা হারিয়ে ফেলেন তিনি।
এরপর বোর্নেমাউথের কাছে বিক্রির পর আর আগের ছন্দে ফিরতে পারেন নি উইলশেয়ার। শেষ পর্যন্ত ইংল্যান্ডের দুই ক্লাব ঘুরে ডেনমার্কের একটি ক্লাবে যোগ দেন তিনি। তবে সেখানেও ১৪ ম্যাচ খেলে নিজেকে খুঁজে পাননি তিনি। শেষ পর্যন্ত মাত্র ৩০ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানালেন উইলশেয়ার।
টুইটারে উইলশেয়ার একটি টুইট করে খবরটি নিশ্চিত করেন। সেখানে তিনি লেখেন, ‘আজ আমি ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। ১৪ বছরের ফুটবল যাত্রাটা দারুণ ছিল। আমি ধন্য, যে আমি বিশ্বকাপে ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করতে পেরেছি। এছাড়াও আর্সেনালের মতো দলে আমি আমার জীবনের সেরা সময় পার করেছি।’
পাশাপাশি নিজের বাবা-মা ও সতীর্থ, বন্ধু-বান্ধবকে ধন্যবাদ জানিয়েছেন উইলশেয়ার। ক্লাবে ২১০ ম্যাচ খেলে নয়টি গোল করেছেন উইলশেয়ার। আর জাতীয় দলের হয়ে ৩৪ ম্যাচ খেলে করেছেন দুই গোল। সবধরনের ফুটবলকে আজ বিদায় বললেও ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন উইলশেয়ার।
এন-কে


আপনার মতামত লিখুন