উখিয়ায় আরসা’র ফতোয়া কমিটির চেয়ারম্যান গ্রেফতার
কক্সবাজারের উখিয়ায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ফতোয়া কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদকে (৪৮) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তিনি সাবেক আরসা নেতা মৃত লাল মিয়ার পুত্র।
শুক্রবার (৮ জুলাই) রাতে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-১৪-এর অধিনায়ক নাঈমুল হক।
তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে আরসার ফতোয়া কমিটির চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তিনি আরসার সাংগঠনিক কাজে বের হন বলে আমাদের জানিয়েছেন। সাংগঠনিক কার্যক্রম চালানোর সময় মাওলানার বেশে চলতেন তিনি। তাই সহজে তার অপকর্ম চালিয়ে যেতে পারতেন।
উল্লেখ্য, ২০১২ সালে সাম্প্রদায়িক সহিংসতার পর হারাকা আল-ইয়াকিন নামে যাত্রা শুরু করে বিদ্রোহী গ্রুপটি। পরে তারা আরসা নামে কাজ শুরু করে। সশস্ত্র এই গ্রুপটি রোহিঙ্গাদের মিয়ানমার সরকারের নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে কাজ করে। অনেকের মতে, মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে আরসার যোগাযোগ রয়েছে।
আরসা নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনজুনি এলিয়াস হাফিজ তোহা পাকিস্তানে জন্মগ্রহণ করেন। আতাউল্লাহর বাবা-মা ১৯৬০ সালে মিয়ানমারের রাখাইন থেকে করাচি চলে যান। সূত্রমতে, আতাউল্লাহ তোহার বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর কাছ থেকে অস্ত্র ও অর্থনৈতিক সহায়তা নেন। আইএসআই, আরাকান হরকাতুল জিহাদ আল ইসলামী এবং লস্কর-ই তৈয়বা তার কাজে সহযোগিতা করছে বলে অভিযোগ রয়েছে।
এন-কে


আপনার মতামত লিখুন