লেজেন্ডস লিগ দিয়ে মাঠে ফিরছেন মাশরাফী
আবারও ক্রিকেট মাঠে ফিরছেন মাশরাফী বিন মোর্ত্তজা। লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় আসরে খেলবেন টাইগারদের সাবেক অধিনায়ক। তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন লেজেন্ডস লিগ ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা রামান রাহেজা। চলতি বছর সেপ্টেম্বরে ওমানে অনুষ্ঠিত হবে এবারের আসর।
দেশের ক্রিকেটের ফ্যান্টাস্টিক ফাইভ এখন ফ্যাবিউলাস ফোর। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ আছেন। শুধু নেই মাশরাফী বিন মোর্ত্তজা। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালের মার্চে। ৩৮ বছর বয়সী ক্রিকেটারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ঘরোয়া ইভেন্টগুলোতে খেলা চালিয়ে যাচ্ছেন ম্যাশ। খেলেছেন এ বছরের প্রিমিয়ার লিগেও।
এপ্রিলে ডিপিএলের পর আবার কবে নড়াইল এক্সপ্রেসকে মাঠে দেখা যায়, তা নিয়ে সংশয় ছিলো ভক্তদের মনে। তবে তাদের জন্য সুখবর- সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরেই ২২ গজে দেখা যাবে মাশরাফীকে। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লেজেন্ডস লিগে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। লিগের প্রধান নির্বাহী কর্মকর্তা রামান রাহেজা জানিয়েছেন, প্রস্তাবে নাকি সাড়াও মিলেছে টাইগারদের সাবেক ক্যাপ্টেনের কাছ থেকে।
চলতি বছর জানুয়ারিতে তিন দল নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় সাবেক ক্রিকেটারদের এই টি-টোয়েন্টি লিগ। যেখানে এশিয়া লায়ন্সের হয়ে খেলার অভিজ্ঞতা হয়েছে মোহাম্মদ রফিকের। সে আসরে ৩ ম্যাচে ২ উইকেট শিকার আর ২৫ রান করেছিলেন তিনি। স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি বিসিবি নির্বাচক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের।
এন-কে


আপনার মতামত লিখুন