জিম্বাবুয়ে সিরিজেই দলের সঙ্গে যুক্ত হচ্ছে হেরাথ
পারিবারিক কারণে ক্যারিবীয় সফর থেকে ছুটি নিয়েছিলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। তবে জিম্বাবুয়ে সফরেই টাইগার শিবিরে যোগ দিচ্ছেন এই লঙ্কান কিংবদন্তি। জিম্বাবুয়ের উদ্দেশে বাংলাদেশ দল দেশ ছাড়বে দুই ভাগে।
সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ৩০ জুলাই মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সে লক্ষ্যে ২৬ জুলাই রাতে রওনা দেবে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দল। পরদিন ২৭ জুলাই রওনা দেবে শুধু ওয়ানডে দলে থাকা ক্রিকেটাররা। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ৫ আগস্ট।
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বিদেশি কোচরা ছুটিতে যান নিজ নিজ দেশে। সেখান থেকেই জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দেবেন হেরাথ।
এদিকে বাকি কোচরাও ছুটি কাটাচ্ছেন নিজ নিজ দেশে। দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বর্তমানে আছেন দক্ষিণ আফ্রিকায়। আর ব্যাটিং কোচ জেমি সিডন্স আছেন অস্ট্রেলিয়ায়।
এদিকে চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেয়ার পাশাপাশি টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন।
টি-টোয়েন্টি স্কোয়াড
মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ।
ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও এনামুল হক বিজয়।
এন-কে


আপনার মতামত লিখুন