জাবিতে ভর্তি পরীক্ষা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সি ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
রোববার (৩১ জুলাই) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। ধারাবাহিকভাবে বিকাল সোয়া ৪টায় পঞ্চম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে প্রথম দিনের পরীক্ষা শেষ হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন জানান, চলতি বছর মোট ১ হাজার ৮৮৮টি আসনের বিপরীতে ২ লাখ ৮৪ হাজার ৬০৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। সেই হিসাবে আসন প্রতি লড়বেন ১৫১ শিক্ষার্থী।
রোববার ‘গ’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই ইউনিটে ৪৬৬টি আসনের বিপরীতে পাঁচটি শিফটে ৫৩ হাজার ৪৩০ জন ভর্তি-ইচ্ছুক পরীক্ষা দেবেন।
এ বিষয়ে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. শামছুল আলম জানান, শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা শাখার কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
এন-কে


আপনার মতামত লিখুন