চট্টগ্রামের পৃথক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ফার্মেসি ও বৈদ্যুতিক মিটার
২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও আকবরশাহ থানা এলাকায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি ওষুধের দোকান ও বৈদ্যুতিক মিটার। মঙ্গলবার ভোর রাত তিনটা থেকে চারটার মধ্যে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা দুটি ঘটে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোর রাত তিনটার সময় নগরীর বাকলিয়ার মিয়াখান নগর এলাকায় সরোয়ার হোসেনের মালিকানাধীন এসআই মেডিক্যাল নামের একটি ওষুধের দোকানে অগ্নিকাণ্ডের খবর পায়।
চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এদিকে একই দিন এক ঘন্টার ব্যবধানে নগরীর আকবর শাহ থানা এলাকার নজরুল ইসলামের ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও বৈদ্যুতিক মিটার থেকে সৃষ্ট আগুনে মিটার ও কিছু আসবাবপত্র পুড়ে ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানালেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন।


আপনার মতামত লিখুন