অনন্ত জলিলের নতুন চমক
‘দিন: দ্য ডে’ সিনেমা মুক্তির পর থেকে নানা আলোচনা-সমালোচনার মধ্যে দিন পার করছেন প্রযোজক ও নায়ক অনন্ত জলিল। এরই মধ্যে ঘোষণা দেন বাংলাদেশে আর কোনো সিনেমা প্রযোজনা করবেন না, তবে নায়ক হিসেবে অভিনয় করবেন।
দীর্ঘ আট বছর পর এবারের ঈদুল আজহায় মুক্তি পায় অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমাটি। বরাবরের মতো নায়িকা ছিলেন স্ত্রী বর্ষা। মুক্তির পর সিনেমার নির্মাণ বাজেট নিয়ে কম সমালোচনা হয়নি। এবার সেই সিনেমাটি নিয়েই আবারও সুখবর দিলেন এ নায়ক।
আসছে ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দিন: দ্য ডে’। প্রথম সপ্তাহে ১০টি এবং পরে আরও ১১টি হলে মুক্তি পাবে। টিজিভি সিনেমাস, এম এম সিনেপ্লেক্স, এল এফ এস সিনেমাস, আমেরিন সিনেপ্লেক্স, সুপারস্টার সেরি আলম সিনেমাসসহ বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি রিলিজ হচ্ছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন অনন্ত জলিল।
এ সময় তিনি বলেন, প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা, আজ আপনাদের একটি সুখবর দিতে যাচ্ছি। আগামী ১৬ সেপ্টেম্বর একই সঙ্গে মালয়েশিয়ার কুয়ালালামপুর, সেলানগর, জহুরবারু, কেদাহ, কেলান্তান, মালাক্কা, সেরেম্বান, পাহাং এবং পেনাংসহ বিভিন্ন প্রদেশে অফিসিয়ালি রিলিজ হচ্ছে ‘দিন: দ্য ডে’।
তিনি আরও জানান, ‘দিন: দ্য ডে’র লোকেশন এবং শো-টাইম হলগুলোর নিজস্ব ওয়েব এবং এপস-এ দেখা যাবে। আগামী ১৬ সেপ্টেম্বর আমি ও বর্ষা আপনাদের সঙ্গে কুয়ালালামপুর টুইন টাওয়ারের টিজিভি সিনেমা হলে ৫টা ২০-এর শো দেখব। এ ছাড়াও আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০-এর শোতে জহুর বারুর সিটি স্কয়ারের এমএম সিনেপ্লেক্সে থাকবো। আপনাদের আমাদের সঙ্গে এই শোগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনন্ত জলিল বলেন, আমি মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। মালয়েশিয়াতে ‘দিন: দ্য ডে’ রিলিজের ক্ষেত্রে তাদের অসামান্য অবদান আমাকে ঋণী করেছে। এম্পায়ার ফিল্মস এসডিএন বিএইচডি, আর এম এইচ গ্লোবাল (এম) এসডিএন বিএইচডি সেন্দিরিয়ান বেরহেড, ব্রেইন্স বি প্রডাকশনস এসডিএন বিএইচডি- তাদেরকে আমি মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। তা ছাড়া প্রাণ মালয়েশিয়া সিনেমাটির প্রচারে অনেক বড় ভূমিকা পালন করছে। তাদের কাছেও আমি কৃতজ্ঞ।
তিনি যোগ করেন, ‘দিন: দ্য ডে’ রিলিজের ব্যাপারে যারা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা হলেন আমার প্রিয় মিস্টার সালাহউদ্দিন আহমেদ, মিস্টার জাফর এবং মোস্তফা ভাই। যাদের ভালোবাসা এবং পরিশ্রমে মালয়েশিয়াতে এত বড় পরিসরে বাংলাদেশের সিনেমা রিলিজ হচ্ছে। আশা করি, আপনারা সবাই সিনেমাটি দেখতে যাবেন। আমাদের জন্য দোয়া করবেন। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।
এন-কে


আপনার মতামত লিখুন