খুনের হুমকি পেলেন সিধু মুসে ওয়ালার বাবা!
মাস কয়েক আগেই পাঞ্জাবের মানসা জেলায় গায়ক, রাজনীতিবিদ মুসে ওয়ালাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এবার তার বাবা বলকাউর সিংহকে ইমেইলে খুনের হুমকি দেয়া হয়েছে।
অভিযোগ পেয়ে বুধবার (৭ সেপ্টেম্বর) মহীপাল নামে রাজস্থানের জোধপুরের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পঞ্জাবের মানসা থানার পুলিশ। দিল্লির বাহাদুরগড় এলাকায় সন্দেহভাজন সেই ব্যক্তিকে পাওয়া যায়। সেই ব্যক্তির কাছ থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
মানসা থানার সিনিয়র সুপারিনটেনডেন্ট গৌরব তুরা বলেছেন, প্রাথমিক তদন্তের সময় জানা গেছে, এ জে বিষ্ণোই নাম নিয়ে মহীপাল একটি ভুয়া পরিচয়পত্র তৈরি করেছিল। এই নামে নেটমাধ্যমে তার প্রোফাইল রয়েছে। সিধুর বাবাকে ইমেইল পাঠিয়ে সে আলোচনার কেন্দ্রে থাকতে চেয়েছিল বলে মনে হচ্ছে। অনুসরণকারীর সংখ্যাও বাড়াতে চেয়েছিল। খবর আনন্দবাজারের।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মহীপালের নামে তোলাবাজি এবং হুমকির অভিযোগ নথিভুক্ত হয়। বলকাউরের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল, না হলে প্রাণনাশের হুমকি ছিল ওই ইমেইলে। থানায় গিয়ে ইমেইল আইডি জমা দেন সিধুর বাবা। যেখানে হিন্দিতে লেখা ছিল, লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের বিরুদ্ধে স্বর তুললে বলকাউরসহ পরিবারের অনেকের প্রাণসংশয় হতে পারে। আরও বলা ছিল, জাগরুপ রূপা এবং মনপ্রীত মন্নুও মহীপালের হাতেই খুন হয়েছিল। বেশি প্রতিবাদ করলে বলকাউরেরও একই পরিণতি হবে।
২৮ মে পাঞ্জাব সরকার মুসে ওয়ালাসহ ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করে। তার ঠিক একদিন পরেই এ ঘটনাটি ঘটল। গ্রামের মধ্যে গাড়ি নিয়ে ঘোরার সময় কয়েকজন দুষ্কৃতকারী এসে গুলি চালিয়ে চলে যায়। তার এসইউভি লক্ষ্য করে গুলির বৃষ্টি বয়ে গেছে। ছবিতে দেখা গেছে, গাড়ির সিটে রক্তাক্ত অবস্থায় বসে রয়েছেন তিনি। শরীর দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাকে দ্রুত মানসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সিধু মুসে ওয়ালার প্রকৃত নাম শুভদীপ সিং সিধু। ২০২২ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে সিধু কংগ্রেসের টিকিটে মানসা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও তিনি আম আদমি পার্টির বিজয় সিঙ্গলার কাছে হেরে যান।
এন-কে


আপনার মতামত লিখুন