খুঁজুন
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ গোল খাওয়ার প্রতিশোধ নিতে বায়ার্নের মুখোমুখি বার্সেলোনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১:৫৫ অপরাহ্ণ
৮ গোল খাওয়ার প্রতিশোধ নিতে বায়ার্নের মুখোমুখি বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগে আরও একবার মুখোমুখি বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। গ্রুপের শীর্ষস্থান দখল করতে এই ম্যাচটি দুদলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শুরু হবে ম্যাচটি।

চ্যাম্পিয়ন্স লিগে ঠিক যেমন শুরু প্রয়োজন, ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে তাই করেছে বার্সেলোনা। জাভির এই দলটা অনন্য হয়ে উঠছে ক্রমশই। তবে বড় মঞ্চে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ওরা স্নায়ুচাপের পরীক্ষায় কেমন করে তাই দেখা যাবে বায়ার্ন ম্যাচে। কারণ গত ক’মৌসুম ধরে এই টুর্নামেন্ট ব্লাউগ্রানাদের কেবল হতাশার আরেক নাম।

বার্সা-বায়ার্ন ম্যাচের কথা উঠবে আর সেই ৮-২ ট্র্যাজেডির কথা উঠবে না তা কি হয়! মহারণ সামনে রেখে বার্সা সমর্থকদের মনে যেমন উঁকি দিচ্ছে ২০২০ সালের ১৫ আগস্টের সেই দুঃসহ স্মৃতি। ম্যাচটি অবশ্য প্রেরণা হিসেবে কাজ করবে ব্যাভেরিয়ানদের জন্য।

তবে, বার্সার জন্য অনুপ্রেরণা হতে পারেন রবার্ট লেভানদোভস্কি। জার্মান জায়ান্টের বড় অস্ত্রটাই ঠিকানা বদল করে এখন কাতালুনিয়ায়। তার সাম্প্রতিক ফর্ম নিঃসন্দেহে সবচেয়ে বড় অনুপ্রেরণা ক্লাবের কাছে। রেকর্ডের পাতা ওলট-পালট করে লেভায় ভর করে রীতিমতো উড়ছে বার্সা। সেই বাতাস মিউনিখে পৌঁছে দিতে চায় তারা।

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ এবার প্রথম থেকেই জমজমাট। আমরাও ভালো শুরু করেছি। তবে এর ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। আমি বলব, আমাদের আসল পরীক্ষা শুরু হবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে এই ম্যাচ দিয়ে। কারন আমাদের গ্রুপ বেশ কঠিন।’

চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা করে তার রেশ লিগে ধরে রাখতে পারেনি বায়ার্ন মিউনিখ। স্টুটগার্ট ঘরে এসে পয়েন্ট কেড়ে নিয়ে গেছে ব্যাভেরিয়ানদের থেকে। বার্সেলোনার বিপক্ষে এই ম্যচটা হতে পারে ওদের আবারও জয়ে ফেরার।

তবে এ ম্যাচে বায়ার্নের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে কিংসলে কোমান ও বউনা সারের অনুপস্থিতি। ইনজুরির কারণে এ ম্যাচে তাদের পাচ্ছেন না বায়ার্ন কোচ নাগেলসম্যান। দলের সেরা তারকা লেভানদোভস্কিকে হারিয়ে এই মৌসুমে বেশ ভুগছে তার দল। লেভাকে ছাড়া এখনো মানিয়ে নিতে পারেনি দলটা। প্রতিপক্ষ দল যে এ কারণে কিছুটা সুবিধা পাবে তা মেনে নিচ্ছেন বায়ার্ন বস।

নাগেলসম্যান বলেন, ‘লেভা অসাধারণ এক ফুটবলার। আমি চাই ও এই ফর্ম ধরে আরও ৪-৫ বছর খেলুক। তবে প্রত্যাশা করব, আমাদের বিপক্ষে যাতে ওর সেরাটা না খেলে। এই ম্যাচটা আমাদের দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। আগে কী হয়েছে, তা নিয়ে পড়ে থাকতে চাই না।’

দলে যারা আছেন তাদের নিয়েই সেরা খেলাটা উপহার দিতে চান বায়ার্ন কোচ নাগেলসম্যান। এ ম্যাচে মধ্যমাঠে জশুয়া কিমিখের সঙ্গী হিসেবে যে মার্সেল স্যাবিটজারই থাকছেন তা নিশ্চিত করেছেন তিনি।

বায়ার্ন কোচ ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় থাকলেও দল নিয়ে মধুর সমস্যায় বার্সা কোচ জাভি। দলের সবাই ফিট থাকায় সেরা একাদশ বেছে নিতে মধুর সমস্য্য পড়েছেন তিনি।

বায়ার্নের বিপক্ষে ম্যাচ সামনে রেখে বার্সেলোনাকে চোখ রাঙাচ্ছে পরিসংখ্যান। বুন্দেসলিগার দলটার বিপক্ষে যে বড্ড মলিন চ্যাম্পিয়ন্স লিগের চারবারের চ্যাম্পিয়নরা। ১৩ বারের দেখায় ৯ বারই হারের মুখ দেখেছে কাতালান ক্লাবটি। অন্যদিকে জয় পেয়েছে মাত্র ২ ম্যাচে। বাকি ২ ম্যাচ শেষ হয়েছে সমতায়।

বার্সেলোনার সম্ভাব্য একাদশ: টার স্টেগান; কুন্দে, আরাউহো, এরিক গার্সিয়া, বালদে; গাভি, বুস্কেতস, পেদ্রি; রাফিনিয়া, লেভনদোভস্কি, দেম্বেলে।

বায়ার্ন মিউনিখ সম্ভাব্য একাদশ: নুয়্যের; পাভার্ড, ডি লিখট, লুকাস হার্নান্দেজ, ডাভিস; কিমিখ, স্যাবিটজার, গ্যানাব্রি, মুলার, সানে; মানে।

এন-কে

Feb2

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশী থানার ওসি বদলি

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ
ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশী থানার ওসি বদলি

জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ ওঠার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে বদলি করা হয়েছে। শনিবার (১৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

শনিবার রাত পৌনে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

আদেশ অনুযায়ী, খুলশী থানার ওসি মো. আরিফুর রহমানকে সিএমপির লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

একইসঙ্গে সিটিএসবিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. জাহেদুল কবিরকে বাকলিয়া থানার ওসি এবং বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে শুক্রবার (১২ জুন) রাতে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে পুলিশ পরিচয়ে আটক, মারধর ও হেনস্তার অভিযোগ ওঠে।

এ ঘটনায় ইতোমধ্যে খুলশী থানার এক উপপরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

বাজেট উপস্থাপনের পর এই প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে সকালে যখন আমি ঢাকা থেকে প্লেনে উঠলাম, তখন প্লেনে পত্রিকা থাকে, আমি পত্রিকাগুলো দেখলাম কী কী নিউজ আছে। পত্রিকাগুলোর মধ্যে দেখলাম সবগুলো পত্রিকা কমবেশি একটি নিউজ করেছে যে, প্রতিবছর বাজেট উপস্থাপনের পরদিন বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে গত পরশুদিন বাজেট উপস্থাপনের পর এই প্রথমবারের মতো কোনো জিনিসপত্রের দাম বাড়েনি।

তিনি বলেন, যেই বাজেট উপস্থাপন করলে জিনিসের দাম বাড়ে না, সেই বাজেট জনগণের পক্ষের বাজেট। এই বাজেটে আমরা বিভিন্ন ওষুধপত্র থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসার যে বিষয়গুলো ছিল, সেগুলোর ওপর থেকে আমরা ট্যাক্স কমিয়ে এনেছি।

চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ

চট্টগ্রামে আগামী পাঁচ বছরে প্রায় দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোকে বাঁচিয়ে রেখে পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে।

প্রধানমন্ত্রীর ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার ( ১৩ জুন) কর্ণফুলী উপজেলার চাদগাঁও বেড়িবাঁধ এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় মাত্র দুই মাসে এক লাখ বৃক্ষরোপণ করে আলোচনায় আসা জাহিদুল ইসলাম বলেন, “সারা দেশে আজ থেকে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, সিডিএসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান এ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হয়েছে।”

তিনি বলেন, “আমরা ইতিমধ্যে ৭০ হাজার বৃক্ষরোপণের কার্যক্রম শুরু করেছি। আগামী পাঁচ বছরে শুধু চট্টগ্রাম জেলাতেই প্রায় দেড় কোটি বৃক্ষরোপণ করা হবে। চলতি বছর জেলায় প্রায় ২৫ লাখ চারা রোপণের পরিকল্পনা রয়েছে।”

জেলা প্রশাসক বলেন, “পৃথিবী মানুষের বসবাসের একমাত্র গ্রহ। কিন্তু মানুষের কর্মকাণ্ডের কারণেই পরিবেশ বিপর্যয় বাড়ছে। এ পরিস্থিতিতে পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ যে গাছগুলো রোপণ করা হচ্ছে, সেগুলো সঠিকভাবে পরিচর্যা করা গেলে ভবিষ্যতে পরিবেশগত ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে।”

অনুষ্ঠানে একটি সোনালু গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক।

কর্মসূচির আওতায় কর্ণফুলী বেড়িবাঁধের চাদগাঁও এলাকায় প্রায় ১ দশমিক ৫০ একর জমিতে ১৯ প্রজাতির ১ হাজার ২০০টি চারা রোপণ করা হয়। রোপিত চারার মধ্যে রয়েছে সোনালু, চালতা, জারুল, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, বকুল, পলাশ, মহুয়া, কাঞ্চন, আমলকি, অর্জুন, জলপাই, কাঠবাদাম, ঝাউ, হিজল, বহেরা, চিকরাশি ও মেহগনি।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর চট্টগ্রাম জেলায় প্রায় ২৫ লাখ চারা রোপণ করা হবে। এর মধ্যে বন বিভাগের আওতায় প্রায় ১৮ লাখ চারা রোপণের পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগে ৭ লাখ ৫০ হাজার, দক্ষিণ বন বিভাগে ৮ লাখ ৩৪ হাজার ৫০০, উপকূলীয় বন বিভাগে ২ লাখ ৩২ হাজার ৫০০ এবং চট্টগ্রাম বোটানিক্যাল গার্ডেনে ১৫ হাজার ২৮৯টি চারা রোপণ করা হবে।

এ ছাড়া সিডিএ ও বন বিভাগের যৌথ উদ্যোগে কর্ণফুলী বেড়িবাঁধ সড়কের দুই পাশে প্রায় ১৬ হাজার গাছ লাগানো হবে।

গাছের সুরক্ষার বিষয়ে জেলা প্রশাসক বলেন, “প্রতিটি চারার উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট নিশ্চিত করা হয়েছে। গবাদিপশুর ক্ষতি থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থাও নেওয়া হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নাগরিক সচেতনতা। এই গাছ আমাদের পরিবেশ, জীবন ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবে।”

তিনি আরও বলেন, “করোনাকালে আমরা অক্সিজেনের গুরুত্ব উপলব্ধি করেছি। তাই প্রত্যেক নাগরিককে নিজের গাছ মনে করে এসব চারার পরিচর্যা করতে হবে।”

অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হোছাইন, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা, উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম এ হাসান এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক রাজীব দাশসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সরকারের এই বৃহৎ সবুজায়ন কর্মসূচি চট্টগ্রামে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।