খুঁজুন
বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শান্ত ক্যাম্পাসে স্থগিত পরীক্ষা, ক্ষোভ শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ১:৪৩ অপরাহ্ণ
শান্ত ক্যাম্পাসে স্থগিত পরীক্ষা, ক্ষোভ শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তিকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিবাদমান দুই গ্রুপের অস্ত্রের মহড়ায় ২ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সভায় ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৮ দিন সকল পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে এসকল ঘটনার কোন সুষ্ঠু তদন্ত কিংবা ব্যবস্থা নিতে দেখা যায়নি প্রশাসনকে। দৃশ্যমান কোন পদক্ষেপ না নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত রাখায় শিক্ষাজীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে এই ৮ দিনে বিভিন্ন বিভাগের ২৭টি সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত হয়ে আছে। যার মধ্যে স্নাতকের ২৪টি ও স্নাতকোত্তরের ৩টি ফাইনাল পরীক্ষা আটকে আছে। গত মাসেও ২ দিনে ৯টি সেমিস্টার পরীক্ষা স্থগিত ছিল। এছাড়াও এসময়ে ইনকোর্স পরীক্ষাগুলো বন্ধ রয়েছে বলে জানা যায়।

ফলে প্রশাসনের এমন সিদ্ধান্তকে অবিবেচনাপ্রসূত বলে মনে করছেন শিক্ষার্থীরা।

এদিকে, ২ হলের মারামারিতে ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। এতে প্রক্টর (ভারপ্রাপ্ত) ও প্রক্টরিয়াল টিমের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের মতে, প্রক্টর সেখানে উপস্থিত থেকেও উপযুক্ত পদক্ষেপ নেয়নি। উল্টো তিনি এই সংঘর্ষকে বিভিন্নভাবে উস্কে দিয়েছেন।

প্রশাসন চলমান পরীক্ষাগুলো স্থগিত করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অনার্সের ৪ বছর পার হয়ে গেছে। ৭ম সেমিস্টারের পরীক্ষার ডেট হলেও এখন পরীক্ষা আর হচ্ছে না। এমতাবস্থায় পড়াশুনা শেষ করতে পারবো কিনা এটা নিয়ে শঙ্কায় আছি।

শিক্ষার্থীরা আরও বলেন, ক্যাম্পাসে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেটার দায় তো সাধারণ শিক্ষার্থীদের না। প্রশাসন নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ, তাই এমন ঘটনা ঘটেছে। নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যদি বিচার করতো তাহলে এই রকম ঘটনা হত না। সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী তানভীরুল ইসলাম বলনে, “আমাদের আর ১টা মাত্র পরীক্ষা বাকি কিন্তু পরীক্ষা স্থগিত হওয়ায় সেটি এখনও আটকে আছি। এটা খুবই হতাশাজনক একটা ব্যাপার।”

লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, “কর্তৃপক্ষ তুচ্ছ ঘটনা নিয়ন্ত্রণ করতে না পেরে এভাবে পরীক্ষা বন্ধের নির্দেশ দিচ্ছে। আইন প্রয়োগ ও শাস্তি কার্যকর করার ক্ষেত্রে প্রশাসনের দুর্বলতার কারণে এমন ঘটনা বারবার ঘটছে। গুটিকয়েক শিক্ষার্থীর জন্য আমাদের শিক্ষাজীবন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী অধ্যাপক বলেন, “৪ মাসে সেমিস্টার হওয়াতে শিক্ষার্থীদের এমনিতেই পড়াশোনার চাপে থাকতে হয়। সেখানে আবার তারা রাজনীতিও করছে, মারামারি করে পড়ালেখার পরিবেশ নষ্ট করছে। তাদের জন্য শত শত শিক্ষার্থী পিছিয়ে যাচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এমনটা হচ্ছে।”

উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, “এসব প্রশাসনিক সিদ্ধান্ত। এ বিষয়ে উপাচার্য মহোদয় ভাল বলতে পারবেন। আমি কোন মন্তব্য করতে রাজি নয়।”

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনেরর দপ্তরে গেলে তিনি প্রতিবেদকের সাথে কথা বলবেন না জানান। পরর্বতীতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি প্রতিবেদকের কল রিসিভ করেননি।

এন-কে

Feb2

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হলেন ৪৯ জন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হলেন ৪৯ জন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার বিকেলে ইসির সচিব (রুটিন দায়িত্ব) কে এম আলী নেওয়াজের সই করা এই গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন ও স্বতন্ত্র ১ জন সংসদ সদস্যের নাম ও ঠিকানা উল্লেখ আছে।

৫০টি আসনে সংরক্ষিত নারী আসনের জন্য গত ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সময়ের মধ্যে ৫৩ জন মনোনয়নপত্র জমা দেন। বাছাইয়ে বাদ পড়েন ৪ জন।

এর মধ্যে জামায়াত জোটের প্রার্থী এনসিপির মনিরা শরামিন ও রাজনৈতিক দল ও জোটের বাইরে ছিল তিন জন।

আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের ভোটের তারিখ নির্ধারিত ছিল। তবে প্রতি আসনের বিপরীতে একক প্রার্থী থাকায় বরাবরের মতো এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন

বিএনপি জোটের নির্বাচিত যারা

বিএনপি থেকে সংসদ সদস্য হয়েছেন—সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন।

আরও আছেন—সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোট থেকে নির্বাচিত যারা

জামায়াতে ইসলামী জোটে নির্বাচিত জামায়াতের নয় সংসদ সদস্য হলেন—নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।

একই জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সংসদ সদস্য হয়েছেন মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম।

এছাড়া স্বতন্ত্র জোটের সুলতানা জেসমিনকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান বলেন, জোটগুলোর মধ্যে বন্টন করা আসন অনুযায়ী একের অধিক প্রার্থী না থাকায় ভোটগ্রহণের প্রয়োজন পড়েনি।

এদিকে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিলো বিকাল ৪টা। কিন্তু নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। ফলে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের আদেশে সেটি গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা। আগামী শনিবার তার মনোনয়নপত্র বাছাই করা হবে।

মে মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের আগের দাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
মে মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের আগের দাম

আগামী মে মাসেও দেশের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের শক্তি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে। আজ বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে মে মাসজুড়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হবে।

এর আগে, গত ১৮ এপ্রিল জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছিল। সূত্র জানায়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও সরবরাহ বিবেচনায় নিয়ে ওই মূল্য নির্ধারণ করা হয় এবং তা মে মাসেও অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এই দাম আগামীকাল ১ মে থেকে কার্যকর হবে।

এ বিষয়ে জ্বালানি বিভাগের একাধিক কর্মকর্তা জানান, বৈশ্বিক বাজারে দামের ওঠানামা এবং আমদানি ব্যয় বিবেচনায় নিয়েই প্রতি মাসে মূল্য পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে মূল্য সমন্বয় করা হতে পারে।

চিঠিতে বিষয়টি কার্যকর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নিষেধাজ্ঞা শেষ, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
নিষেধাজ্ঞা শেষ, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু

ইলিশ ধরার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে। দীর্ঘ দুই মাস পর জেলেরা ইলিশ ধরার সুযোগ পাচ্ছেন। দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস চাঁদপুরসহ ৬ জেলার ৫টি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। চাঁদপুর জেলা মৎস্য অফিস বলছে, এবারের অভিযান প্রায় শতভাগ সফল হয়েছে।

সরেজমিনে চাঁদপুরের জেলে পাড়াগুলোতে দেখা গেছে, ইতোমধ্যে ইলিশ ধরার জাল সেলাই করা থেকে শুরু করে নৌকার ভাঙা অংশ মেরামত ও ইঞ্জিনসহ সবকিছু ঠিক করে নিয়েছেন জেলেরা। তারা বলছেন, নিষেধাজ্ঞার সময় তারা ধারদেনা করে সংসার চালিয়েছেন। এখন মাছ পেলে সংসারের খরচ জোগাতে পারবেন, নয়তো দুর্ভোগের শেষ থাকবে না।

সদর উপজেলার বহরিয়া এলাকার জেলে খোরশেদ আলম বলেন, নৌকা-জাল মেরামত করতে ছোট নৌকা হওয়ায় প্রায় ৩০ হাজার টাকা ঋণ নিতে হয়েছে। এখন যদি ইলিশ পাওয়া যায়, ঋণ দেওয়া যাবে এবং সংসারও চলবে।

একই এলাকার জেলে ফারুক গাজী বলেন, ইলিশ পাওয়ার আশায় ঋণ করে নৌকা প্রস্তুত করেছি। আমার নৌকায় ৭ জন কাজ করে। ইলিশ পেলে আমাদের সংসার চলবে, না হয় কিস্তি নিয়ে বিপাকে পড়তে হবে। কারণ সরকারিভাবে যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, তাতে সংসার চলে না।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞার দুই মাসে চাঁদপুরের ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় আমরা দিন ও রাতে অভিযান পরিচালনা করেছি। যেসব জেলে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরেছে; এমন প্রায় দুই শতাধিক জেলেকে জেল ও জরিমানা করা হয়েছে। তবে, এই অভিযানের ফলে যেমন জাটকা রক্ষা হয়েছে, তেমনি জাতীয়ভাবে ইলিশ উৎপাদন বৃদ্ধি সহায়ক হবে।

তিনি আরও বলেন, জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের সরকার ৪ মাস ৪০ কেজি করে চাল দিয়েছে। পাশাপাশি এ বছরই প্রথম জাটকা প্রবণ এলাকার জেলেদের চালের পাশাপাশি অন্যান্য খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।