খুঁজুন
শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেলবোর্নে ক্রিকেট উত্তেজনার রেণু ছড়াতে প্রস্তুত ভারত-পাকিস্তান

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ১০:০৬ পূর্বাহ্ণ
মেলবোর্নে ক্রিকেট উত্তেজনার রেণু ছড়াতে প্রস্তুত ভারত-পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের মূল পর্ব মাঠে গড়িয়েছে গতকাল শনিবার থেকে। শুরুর আগেই দিনক্ষণ গুনছিল ক্রিকেট ভক্তরা, ২৩ অক্টোবর আসবে কবে! মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যে দিন মুখোমুখি দ্বৈরথে মত্ত হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তর সইছিল না কারও, যার প্রমাণ মেলে ম্যাচের টিকিট ছাড়ার অল্প সময়ের মধ্যে সব বিক্রি হওয়া দেখে।

অবশেষে এলো ক্রিকেটের সেই বিশেষ দিন। মেলবোর্নের প্রায় এক লাখ দর্শকের সামনে আজ রোববার বাংলাদেশ সময় দুপুর দুইটায় ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত ও পাকিস্তান। সর্বশেষ দুই দেখায় একটি করে জয় পরস্পরের। গত মাসে অনুষ্ঠিত এশিয়া কাপ টি-টোয়েন্টির গ্রুপ পর্বে প্রথম দেখায় পাকিস্তানকে হারায় ভারত। পরের সাক্ষাতে ভারতকে হারিয়ে আসর থেকে বিদায় করে দেয় পাকিস্তান।

ভারত-পাকিস্তান ম্যাচ মানে বাড়তি উন্মাদনা। ভারতের প্রসিদ্ধ ব্যাটিংয়ের বিরুদ্ধে পাকিস্তানের বিধ্বংসী বোলিং আক্রমণ। ব্যতিক্রম ঘটবে না আজও। রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবদের তাণ্ডবলীলা থামাতে গতির গোলা তৈরি শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহদের। এশিয়া কাপেই প্রথম দেখায় নাসিমের বোলিং কাঁপন ধরায় ভারতের বুকে। অন্যদিকে, পাকিস্তানের সঙ্গেই বহুদিন পর রানে ফেরেন কোহলি।

বড় ম্যাচ নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমাদের ব্যাটসম্যানরা অভিজ্ঞ। বোলাররাও যথেষ্ট ভালো। সবাই ফিট আছে। ছেলেদের বলেছি নিজেদের মতো খেলতে। ওরা জানে ওদের করণীয় সম্পর্কে। তাছাড়া, দলের সবাই ফিট আছে। যা আমাদের জন্য বাড়তি প্রত্যয়ের।’

আত্মবিশ্বাস ঝরে পড়লো পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কণ্ঠেও, ‘বোলিংয়ে আমরা উন্নতি করছি। ব্যাটিংয়ে কিছুটা দুর্বলতা আছে। তবে আমি চিন্তিত নই। আপনি জানেন না, কখন কে একটা চমৎকার ইনিংস খেলে ম্যাচ ঘুরিয়ে দেবে! আর ভারতের প্রত্যেক খেলোয়াড়কে নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা আছে।’

চাপমুক্ত ক্রিকেট খেলতে চান দুই অধিনায়কই। দুই দলেই আছেন খেলার মুহূর্ত বদলে দেওয়া একঝাঁক তারকা। কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে ১১ দেখায় ভারতের জয় ৮, পাকিস্তানের ৩! কিন্তু শেষ লড়াইয়ে শেষ হাসি হেসেছে পাকিস্তান। পরিসংখ্যান নিছক সংখ্যা মাত্র! দেখার পালা, হাসিমুখে আজ মাঠ ছাড়ে এশিয়ার কোন দল!

সম্ভাব্য একাদশ (ভারত) : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, অর্শ্বদ্বীপ সিং।

সম্ভাব্য একাদশ (পাকিস্তান) : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতেখার আহমেদ, আসিফ আলি, খুশদিল শাহ, শাদাব খান, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, শাহিন আফ্রিদি, নাসিম শাহ।

এন-কে

Feb2

‘জিয়া স্মৃতি কমপ্লেক্সকে স্বাধীনতা কমপ্লেক্স করা প্রতিহিংসার রাজনীতির ছোবল’

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
‘জিয়া স্মৃতি কমপ্লেক্সকে স্বাধীনতা কমপ্লেক্স করা প্রতিহিংসার রাজনীতির ছোবল’

জিয়া স্মৃতি কমপ্লেক্সকে ফ্যাসিবাদের সময়ে স্বাধীনতা কমপ্লেক্স করা প্রতিহিংসামূলক রাজনীতির ছোবল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

শুক্রবার (৫ জুন) নগরের কাজীর দেউড়ির জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেখুন এই বাংলাদেশের অভ্যুদয়ে মেজর জিয়া থেকে শুরু করে রাষ্ট্রপতি জিয়া ঘাটে ঘাটে, ইতিহাসের বাঁকে বাঁকে তাঁর যে অবস্থান সেটা বাংলাদেশকে অনেক বেশি আলোড়িত করেছে, সমৃদ্ধ করেছে। সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থেই এ স্মৃতি জাদুঘর। এটা আমরা দেখলাম, পরিপূর্ণভাবে দেখতে পারিনি। আজ সকালে এসেছি।

আমার পাশে আছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ডান পাশে চট্টগ্রামের কৃতী সন্তান মাননীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া, জেলা প্রশাসক, আমার মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবসহ অন্যান্য কর্মকর্তা আছেন। আমরা এটা দেখলাম। এসে শুনলাম। এর অনেক রুম আমরা খালি দেখেছি। কারণ এটা রেনোভেশন হচ্ছে। সুন্দর করে রেনোভেট করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জিনিসগুলো সংরক্ষণ করা হবে। আমরা এরপর যাব জিয়া স্মৃতি কমপ্লেক্সে যেটি ফ্যাসিবাদের সময়ে স্বাধীনতা কমপ্লেক্স করা হয়েছিল সম্পূর্ণভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ঈর্ষা করে। এটা একটা প্রতিহিংসামূলক রাজনীতির ছোবল। ইনশাআল্লাহ ভবিষ্যতে জিয়া স্মৃতি কমপ্লেক্স আমরা নতুন করে করব। সেটি আমরা পরিদর্শন করব। আরও কিছু স্থাপনা পরিদর্শন করব।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতায় মহান মুক্তিযুদ্ধে যে মহান ঘোষণাটি দিয়েছিলেন। সেই ঘোষণার পর একটার পর একটা উনার পদক্ষেপ ছিল। উনি যুদ্ধ করেছেন। উনি বীরউত্তম হয়েছেন। উনি সেনাপ্রধান হয়েছেন। উনি সফল রাষ্ট্রনায়ক হয়েছেন। বাংলাদেশের সমৃদ্ধির জন্য উনি একসময় বাংলাদেশের চিত্রই পাল্টে ফেলেছিলেন। যদিও ফ্যাসিবাদ এসে বারবার সেটি ভূলুণ্ঠিত করেছে। আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাঁর স্মৃতিগুলো সংরক্ষণের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সব কিছু করবে।

কত দ্রুত জিয়া স্মৃতি জাদুঘরের মেরামত কাজ শেষ হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আমাদের সরকার অত্যন্ত আন্তরিক এ বিষয়ে। এ জন্য আজ মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা পরিদর্শনে এসেছি। এ স্থাপনাটি এবং জিয়া স্মৃতি কমপ্লেক্স যেটিকে পরবর্তীতে স্বাধীনতা কমপ্লেক্স ঘোষণা করা হয়েছিল। এগুলো ঐতিহাসিক নিদর্শন। আগামী প্রজন্মের আসলে এগুলো জানতে হবে। তাদের এখানে আসতে হবে, দেখতে হবে। আমাদের ইতিহাস যদি না জানি তাহলে জাতি হিসেবে নিজেদের গড়ে তুলতে পারব না। ভূমিকম্পের কারণে এখানে কিছু ডেমেজ হয়েছে। আমরা দ্রুততম সময়ে মেরামত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পদক্ষেপ নেব ইনশাআল্লাহ।

বিশ্ব পরিবেশ দিবস আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
বিশ্ব পরিবেশ দিবস আজ

পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হচ্ছে।

জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট) এই দিনেই শুরু হয়েছিল। এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭২ সালের ৫-১৬ জুন পর্যন্ত। তখন থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ সালে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’।

দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশ ও উন্নয়নমূলক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

বিশ্ব পরিবেশ দিবস হলো পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টি ও কার্যক্রম জোরদারের জন্য জাতিসংঘের অন্যতম প্রধান উদ্যোগ। বছরের পর বছর ধরে এটি জনসচেতনতা বৃদ্ধির অন্যতম বৃহৎ বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা বিশ্বের ১০০টিরও বেশি দেশে কোটি কোটি মানুষের অংশগ্রহণে পালিত হয়ে আসছে।

দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মায় পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭নং ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল বলে মনে হচ্ছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহনে’র একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।