৯৪ বার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছালো

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ আবারো পেছালো

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ১:৩১ দুপুর
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ আবারো পেছালো

সারাদেশে আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ফের পিছিয়েছে। এ পর্যন্ত ৯৪ বার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছালো। আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

তবে নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে পারেনি মামলার তদন্ত সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম আগামী বছর ৪ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।

প্রথমে মামলাটির তদন্ত করেন শেরেবাংলা নগর থানার একজন কর্মকর্তা। এরপর ১৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত ভার পড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের পুলিশ পরিদর্শক মো. রবিউল আলমের ওপর।

দুই মাস পর হাইকোর্টের আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় র‌্যাবকে। সেই থেকে ১০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি সংস্থাটি।

মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অপর আসামিরা হলো – বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।

সিএমএম আদালতে শেরে বাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দীন এ তথ্য জানান।

উল্লেখ্য যে, ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন।

২০১২ সালের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

২৪ ঘণ্টা / জেআর

Feb2
Feb2