গভীর সমুদ্র থেকে ১৫ জেলেকে বাঁচালো নৌবাহিনী
গভীর সমুদ্রে ১৫ জেলেকে বাঁচালো নৌবাহিনী
কক্সবাজারের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ৮ দিন বঙ্গোপসাগরে ভেসে থাকা একটি ফিশিং বোট থেকে ১৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত ৪ জানুয়ারি নৌবাহিনী জাহাজ ‘অনুসন্ধান’ গভীর সমুদ্রে জরীপ কাজে নিয়োজিত থাকাকালে ওই জেলেদের উদ্ধার করেন।
উদ্ধারকৃত জেলেরা হলেন-উসমান সরোয়ার (৩৮), মো. আবুল বাশার (৫৭), মো. কাওসার (৩৮), মো. জয়নাল আবেদীন (৩৩), মো. আবদুর রহমান (২১), মো. তরিকুল ইসলাম (১৭), মো. সৈয়দ (১৯), মো. আনসার (২১), বদিউল আলম (৪২), দিদারুল ইসলাম (৩৫), মো. আরাফাত (২২), তরিকুল্লাহ (৬০), জহির আলম (৪০), মো. ইউসুফ (৪২) এবং সালাউদ্দিন (৩২)। তারা অধিকাংশই বাশখালী ও কুতুবদিয়ার স্থানীয় বাসিন্দা।
বাংলাদেশ নৌবাহিনী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃতদের তাদের প্রয়োজনীয় পানি, খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উদ্ধারকৃত ১৫ জেলে ও তাদের ফিশিং বোট ‘নিশি পদ্মা’ কক্সবাজারের ইনানী সংলগ্ন জেটিতে নিয়ে এসে বোটের মালিক মো. জসিম উদ্দিনের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
তারা নৌবাহিনীর এই উদ্ধার তৎপরতা ও তাদের জীবন বাচানোর জন্য নৌবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন