বগুড়ায় বাস পিষে দিল অটোরিকশার ৫ প্রাণ
বগুড়ার মাদলা সুজাবাদ এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো দুজন। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে প্রেরণ করে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস বগুড়ার সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল জানান, ওই সময় গাইবান্ধা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও বগুড়া থেকে বাগবাড়ীগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী সহ তিনজন মারা যান। এ সময় সিএনজিচালিত অটোরিকশাচালক হযরত আলী আহত অবস্থায় নিজ বাড়িতে মারা গেছেন বলে স্থানীয়রা জানান।
এদিকে দুপুর আড়াইটার দিকে ওই দুর্ঘটনায় গুরুতর আহত ৯ বছরের এক কন্যাশিশু চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করে।


আপনার মতামত লিখুন