খুঁজুন
, ,

মেসি-রামোসের বিদায়ী ম্যাচে পিএসজির হার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 4 June, 2023, 9:37 am
মেসি-রামোসের বিদায়ী ম্যাচে পিএসজির হার

খেলা শুরুর ২১ মিনিটের মধ্যে দুই গোলের লিড নিল পিএসজি। তখন তাদের জন্য বড় জয়ের সম্ভাবনা দেখা অস্বাভাবিক ছিল না। কিন্তু প্রতিপক্ষ ক্লেঁমো ফুত হাল ছাড়ল না মোটেও। প্রথমার্ধেই সমতায় ফিরে দ্বিতীয়ার্ধে তারা উল্টো গেল এগিয়ে। এরপর ঘুরে দাঁড়াতে ব্যর্থ প্যারিসিয়ানরা হার মানল লিওনেল মেসি-সার্জিও রামোসের বিদায়ী ম্যাচে।

ফরাসি লিগ ওয়ানে শনিবার রাতে পার্ক দে প্রিন্সেসে স্বাগতিকদের বিপক্ষে স্মরণীয় জয় পেয়েছে ক্লেঁমো। দুর্দান্ত প্রত্যাবর্তনের নজির দেখিয়ে ক্রিস্তফ গালতিয়ের শিষ্যদের তারা পরাস্ত করেছে ৩-২ গোলে। ফলে হার দিয়ে ২০২২-২৩ মৌসুম শেষ করল আসরের শিরোপাধারী পিএসজি।

এই ম্যাচ দিয়ে পিএসজিতে শেষ হলো আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি ও স্প্যানিশ ডিফেন্ডার রামোসের পথচলা। আগামী মৌসুমে নতুন ঠিকানায় পাড়ি জমাবেন তারা। বিদায়ী ম্যাচে রামোস জালের দেখা পান। তবে মেসিকে মাঠ ছাড়তে হয় খালি হাতে। রামোসের পর কিলিয়ান এমবাপে দ্বিগুণ করেন ব্যবধান। তবে মজবুত অবস্থান ধরে রাখতে পারেনি পিএসজি। বিরতির আগেই ইয়োহান গাস্তিয়েন ব্যবধান কমানোর পর সমতা টানেন মেহদি জেফান। বিরতির পর ক্লেঁমোর পক্ষে জয়সূচক গোল করেন গ্রেয়ন কিয়েই।

৩৮ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল পিএসজি। তাদের পাশাপাশি আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলবে লেঁস। ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে তারা। ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান পেয়েছে মার্সেই। তাদেরকে বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নিতে হবে চ্যাম্পিয়ন্স লিগে।

ম্যাচের পঞ্চম মিনিটেই বল জড়ায় পিএসজির জালে। তবে এর আগে বল কিয়েইর হাতে লাগায় ভিএআরের সাহায্য নিয়ে গোল বাতিল করেন রেফারি। পিছিয়ে পড়ার শঙ্কা সামলে তেতে ওঠে গালতিয়ের দল। ১৪তম মিনিটে মেসির শট রুখে দেন ক্লেঁমো গোলরক্ষক মোরি দিয়াও। পরের মিনিটে এমবাপের প্রচেষ্টাও তাকে ফাঁকি দিতে পারেনি।

১৬তম মিনিটে পিএসজিকে আর ঠেকিয়ে রাখা যায়নি। ভিতিনহার ক্রসে দারুণ হেড করে জাল কাঁপান রামোস। পাঁচ মিনিট পর গোলের দেখা পান এমবাপে। স্পট-কিক থেকে ব্যবধান বাড়ান ফরাসি স্ট্রাইকার। ডি-বক্সে আশরাফ হাকিমি ফাউলের শিকার হওয়ায় বেজেছিল পেনাল্টির বাঁশি।

মাত্র তিন মিনিট পরই সফরকারীরা গাস্তিয়েনের লক্ষ্যভেদে ব্যবধান কমায়। এতে বড় দায় আছে ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তির। ডি-বক্সে তার দুর্বল পাসের খেসারত দিতে হয় প্যারিসিয়ানদের। ৩৭তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ক্লেঁমো। ডি-বক্সে ওয়ারেন জায়ারে-এমেরির হাতে বল লাগলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। কিন্তু কিয়েই বল মারেন বাইরে।

৪২তম মিনিটে মেসির ফ্রি-কিক ক্রসবারের সামান্য উপর দিয়ে চলে যায়। এর কিছুক্ষণের মধ্যে সমতা টানে ক্লেঁমো। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে মোহাম্মদ চামের ক্রস পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা বিপদমুক্ত করতে পারেননি। খুব কাছ থেকে আলগা বল জালে পাঠান জেফান।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে বিস্ময়করভাবে হতাশ করেন মেসি। এমবাপের কাছ থেকে ফাঁকায় বল পেলেও তার এলোমেলো শট চলে যায় অনেক উপর দিয়ে। পাঁচ মিনিট পর তার আরেকটি প্রচেষ্টা কর্নারের বিনিময়ে ঠেকান দিয়াও।

ম্যাচের ৬৩তম মিনিটে অনেকটা আচমকা এগিয়ে যায় ক্লেঁমো। এলবাসান রাশানির মাপা ক্রসে পা ছুঁইয়ে গোল করেন কিয়েই। চার মিনিট পর চতুর্থ গোল প্রায় পেয়েই গিয়েছিল তারা। রাশানির ব্যাক-ফ্লিক কোনোমতে ঠেকান দোন্নারুমা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পিএসজিকে সমতায় ফেরানোর সম্ভাবনা জাগান মেসি। তবে তার ফ্রি-কিক দারুণ দক্ষতায় আটকে দেন গোলরক্ষক।

এই ম্যাচে পিএসজির খেলোয়াড়দের সবার জার্সির পেছনে লেখা ছিল সতীর্থ সার্জিও রিকোর নাম। দুর্ঘটনায় গুরুতর আহত স্প্যানিশ গোলরক্ষকের প্রতি সমর্থন জানাতে এমন উদ্যোগ। টানা পঞ্চমবার লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতা এমবাপে তার ২৯তম গোলের পর রিকোর জার্সি হাতে নিয়ে উদযাপন করেন।

Feb2
Feb2

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 7:54 pm
১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

চট্টগ্রাম বোর্ডের জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

শনিবার (১০ জুলাই) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে বন্যায় সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, স্থানীয় এমপি ও দলীয় সকল সংগঠনের নেতাকর্মীদের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে ত্রাণ বাবদ ২ কোটি টাকা পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়াও উদ্ধার কার্যক্রমে নিয়োজিত রাখা হয়েছে বিজিবি, সেনাবাহিনী, কোস্ট গার্ডসহ সরকারি বিভিন্ন বাহিনীকে। প্রস্তুত করা হয়েছে ১ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র। আশ্রয়কেন্দ্রে ওষুধ, স্যানিটেশনসহ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার নানা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান ড. মাহদী আমিন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

এর আগে, শুক্রবার বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

দুর্যোগের পর থেকেই কোথায় কী লাগবে, সবই জানছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 7:13 pm
দুর্যোগের পর থেকেই কোথায় কী লাগবে, সবই জানছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী এবং বন্যাদুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

শনিবার (১১ জুলাই) দুপুরে৷ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদের পুকুর এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, আপনাদের দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। কোথায় কী লাগবে, কী প্রয়োজন—সবকিছু তিনি জানেন। গতকালও তিনি আমাকে বলেছেন, আপনি সেখানে যান, কী কী লাগবে দেখে আসেন। সেই নির্দেশনা অনুযায়ী আমি আজ আপনাদের মাঝে এসেছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাকে আপনাদের খোঁজ নিতে পাঠিয়েছেন। আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি দেশের মানুষের কল্যাণে ২৪ ঘণ্টাই চিন্তা করেন। সরকার যে কোনো দুর্যোগে আপনাদের পাশে আছে। আপনাদের জন্য যা যা প্রয়োজন, সরকার তা দিতে প্রস্তুত।

এম ইকবাল হোসেইন বলেন, বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবে সরকার: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 11 July, 2026, 6:38 pm
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবে সরকার: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

বন্যাকবলিত মানুষের পাশে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। শনিবার (১১ জুলাই) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পাহাড় ধসের ঝুঁকি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে পুনর্বাসনের পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে সরকারি খাসজমি ও পরিত্যক্ত সম্পত্তি ব্যবহার করা যায় কি না, তা বিবেচনা করা হচ্ছে।

নির্বিচারে পাহাড় কাটা ও বন উজাড়ের কারণে ভূমিধসের ঝুঁকি বাড়ছে। প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হলে এর বিরূপ প্রভাব পড়বেই।

বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজনীয় ওষুধ মজুদ রয়েছে। সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্ভাব্য রোগব্যাধি প্রতিরোধে আগাম প্রস্তুতিও নেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পুনর্বাসনে সরকার কাজ করবে। কৃষি উৎপাদন পুনরুদ্ধারের মাধ্যমে স্থানীয় অর্থনীতি সচল রাখার উদ্যোগ নেওয়া হবে।

শিশু খাদ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজন অনুযায়ী শিশু খাদ্য বিতরণ করা হচ্ছে। পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট মোকাবিলায় পানি পরিশোধন যন্ত্র ও বোতলজাত পানি সরবরাহের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রিপরিষদ বিভাগ, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় বন্যাকবলিত জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।