খুঁজুন
শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৬ কোটি টাকার চিংড়ির রেণু জব্দের পর কর্ণফুলী নদীতে অবমুক্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
চট্টগ্রামে ৬ কোটি টাকার চিংড়ির রেণু জব্দের পর কর্ণফুলী নদীতে অবমুক্ত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ চিংড়ির রেণু জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে এসব রেণু জব্দ করা হয়। পরবর্তীতে এগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কোস্টগার্ড বেইস কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় টেকনাফ থেকে খুলনাগামী সন্দেহভাজন দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ পিস অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত, ট্রাকচালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা চিংড়ির রেণু কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়।

Feb2

বিপুল ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
বিপুল ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

মধ্যপ্রাচ্যে সংঘাত পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ডিজেল নিয়ে চারটি জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। এসব ট্যাংকারে মোট ১ লাখ ৪১ হাজার টন ডিজেল বহন করা হচ্ছে, যা দিয়ে দেশের প্রায় ১২ দিনের জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব হবে।

এর মধ্যে শুক্রবার (১৭ এপ্রিল) তিনটি ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছানোর কথা রয়েছে। বাকি আরেকটি ট্যাংকার আগামী রোববার এসে পৌঁছাবে বলে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার এমটি ওকট্রি, এমটি কেপ বনি ও এমটি লিয়ান সং হু— এ তিনটি ট্যাংকার বন্দরে ভিড়বে। আর এমটি গোল্ডেন হরাইজন নামের আরেকটি ট্যাংকার রোববার পৌঁছানোর কথা রয়েছে।

চারটি ট্যাংকারের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব ট্যাংকার জাহাজ বন্দরে পৌঁছাবে এবং নির্দিষ্ট সময়ে খালাস শুরু হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে দৈনিক ডিজেলের চাহিদা সাড়ে ১২ হাজার টন। সেই হিসাবে, নতুন আসা এ ডিজেল দিয়ে ১২ দিনের চাহিদা মেটানো যাবে।

রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে আরও ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিলের ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে করে রুশ জ্বালানি পণ্য আমদানিতে থাকা সীমাবদ্ধতা সাময়িকভাবে শিথিল থাকবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড়ের মেয়াদ আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে।

এর আগে ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ সিদ্ধান্তের কথা জানায়।

গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে ৩০ দিনের একটি ছাড় দিয়েছিল, যার মেয়াদ ১১ এপ্রিল শেষ হয়।

নতুন এই ৬০ দিনের ছাড়ের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে বাংলাদেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে সাময়িক স্বস্তি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : প্রতিমন্ত্রী

বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরিশোধিত জ্বালানি তেলের মজুদ আছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

অমিত বলেন, “আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং গর্বের সাথে বলতে পারি— বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ আছে।

“আপনারা গতকাল বিভিন্ন পত্র-পত্রিকায় দেখেছেন, ইউরোপিয়ান ইউনিয়ন পর্যন্ত আশঙ্কা করছে যে তাদের হাতে মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশেও ছয় সপ্তাহ সমপরিমাণ জেট ফুয়েল রয়েছে।

‘‘আমাদের এপ্রিল ও মে মাসের যে জ্বালানি চাহিদা সেটি আমরা সংগ্রহ করেছি এবং যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে এবং সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসে যে চাহিদা, সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে। সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হওয়ায় এখন মূলত জুন মাসের প্রয়োজন মেটাবার জন্য আমরা কাজ করছি।”

রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন ক্রুড অয়েল পরিশোধন করে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, “অর্থাৎ এই প্রতিষ্ঠানের মেটেরিয়ালস বলতে যেটা বোঝানো হয়, সেটি হচ্ছে ক্রুড অয়েল, যেটি মূলত দুটি সোর্স থেকে আসে। একটি হচ্ছে সৌদি আরব, অপরটি আরব আমিরাত থেকে। প্রতিষ্ঠার পর থেকে এই দুটো সোর্স থেকেই আসে।”

তিনি বলেন, “আমরা এই বছরের জানুয়ারি মাসে আমাদের যেটি আসবার কথা, সেটি এসেছে। ফেব্রুয়ারি মাসে যে ক্রুড অয়েল আসবার কথা ছিল, সেটিও এসেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের সংকট শুরু হবার পর মার্চ ও এপ্রিল মাসে যে শিডিউল ছিল, সেগুলো হ্যাম্পার করেছে।”

বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘‘সেটা যেমন রিফাইন অয়েল অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ক্রুড অয়েলও সংগ্রহ করবার চেষ্টা করেছি। সেখানে আমরা একটা কার্গো ক্রয়ও করেছি, যদিও সেটা নির্ধারিত সময়ের মধ্যে তারা সাপ্লাই করতে পারেনি।

‘‘আরো দুটো কার্গো (ক্রুড অয়েলের) স্ট্যান্ড বাই রয়েছে, আমরা আশা করছি এই মাসের শেষার্ধে একটি কার্গো শিপ পৌঁছাবে। এমতাবস্থায় সাময়িকভাবে আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি (ইস্টার্ন রিফাইনারির), সেটা কিছুটা হলে কমপ্রোমাইজড হয়েছে। এটা নিয়ে হয়তো বা কিছু প্রশ্ন এসছে। আপনাদের মধ্যেও কিছু জিজ্ঞাসা রয়েছে।”

জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে মন্তব্য করে প্রতিমন্ত্রী অমিত বলেন, “আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, ফুল ক্যাপাসিটিতে ইস্টার্ন রিফাইনারি যদি রান না করে, তাহলে যেন জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে- সেজন্য সরকার পরিশোধিত জ্বালানি সংগ্রহের মাত্রা বাড়িয়েছিল, যাতে করে জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন না হয়।”

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতে ক্রুড অয়েলের অভাবে ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম গত সোমবার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। সেদিন পাঁচটি ইউনিটের দুটি ওইদিন বন্ধ হয়ে যায়। বাকি তিনটি ইউনিটে ‘ডেড স্টক’ দিয়ে শোধন কার্যক্রম চালু রাখার কথা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তরফে জানানো হয়েছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সারাবছর নিরবচ্ছিন্নভাবে ইস্টার্ন রিফাইনারি চলার কারণে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে পড়ে।

“এ সুযোগে রক্ষণাবেক্ষণের যেটা লং ডিউ ছিল, ইস্টার্ন রিফাইনারির দুটি ইউনিটের রক্ষণাবেক্ষণের কাজ করছি।”

দুবাইয়ের উদাহরণ টেনে তিনি বলেন, “সেখানেও কিন্তু তারা এই সুযোগে রক্ষাবেক্ষণে ১৮ মাসের পরিকল্পনা গ্রহণ করেছে। অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নিরবচ্ছিন্নভাবে চলে তারা এরকম একটি সুযোগে তাদের রক্ষণবেক্ষণ গুলো করবার চেষ্টা করে।

“আমরা এই সুযোগে রক্ষণবেক্ষণটা শেষ করে ফেলছি, যাতে করে এই মাসের শেষে যখন ক্রুড অয়েল আসবে- আমরা যেন একটা ফুল ক্যাপাসিটিতে (ইআরএল) রান করতে পারি।”

সংবাদ কর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী অমিত বলেন, “মধ্যপ্রাচ্যের সংকট শুরু হবার পর থেকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথেই আপনাদের দায়িত্ব পালন করছেন এবং আমরা এটা আপনাদেরকে সাধুবাদ জানাই।

“আমি মনে করি জ্বালানি সেক্টর নিয়ে বাংলাদেশের মানুষের এখন যে পরিমাণ তথ্য আছে, অন্য কোনো সেক্টর নিয়ে এতো তথ্য বাংলাদেশের মানুষের কাছে নেই এবং এটার পুরো কৃতিত্ব আপনাদের।”

তথ্য পরিবেশনের ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “তথ্য পরিবেশনার ক্ষেত্রে আমরা যদি সকলে একটু সতর্ক করতে পারি, তাহলে তা অহেতুক কোন আতঙ্ক কিংবা উদ্বেগ সৃষ্টি করবে না; বরং আতঙ্ক কিংবা উদ্বেগ কমানোর চেষ্টা করবে।”