সীতাকুণ্ডে বাসের চাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু, সড়ক-রেলপথ অবরোধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:২২ দুপুর
সীতাকুণ্ডে বাসের চাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু, সড়ক-রেলপথ অবরোধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাইশা (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ছাত্রী।

মাইশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিলের পাশাপাশি সড়ক ও রেলপথ অবরোধ করেন তারা। রেললাইনে গাছের গুঁড়ি ফেলে ট্রেন চলাচলও বাধাগ্রস্ত করা হয়। অন্যদিকে মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

নিহত মাইশা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের খৈয়াছড়া এলাকার সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইশাসহ তিন ছাত্রী রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পেছন থেকে একটি লরি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তিন ছাত্রীকে চাপা দেয়। এতে তারা আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাইশার মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় গুরুতর আহত মাইশাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল কিছুটা বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

জেআই/

Feb2
Feb2