নেপথ্যে চাঁদাবাজি ও আধিপত্যের লড়াই!

ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:৪৭ দুপুর
ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হেঁয়াকো বাজারে বিএনপির দুই পক্ষের বিরোধ এবার রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে। ছুরিকাঘাতে আহত হয়েছেন তিনজন। সংঘর্ষের পর সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন দুই পক্ষের নেতাকর্মীরা। এতে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে বারৈয়াহাট-হেঁয়াকো-রামগড় আঞ্চলিক মহাসড়কে যান চলাচল। স্থানীয়দের অভিযোগ, পরিবহন খাতের চাঁদাবাজি, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।

শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে হেঁয়াকো সরকারপাড়া এলাকার ‘ভোজন রসিক’ নামের একটি রেস্তোরাঁয় এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সেখানে নাসির উদ্দিন বিপ্লবকে লক্ষ্য করে ছুরিকাঘাত করেন ঘোষণা কবির। এতে বিপ্লবের হাতে আঘাত লাগে। পরে দুজনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে বিপ্লব ছুরি কেড়ে নিয়ে ঘোষণা কবিরকে আঘাত করেন। এতে তাঁর পেটে গুরুতর জখম হয়। খবর পেয়ে ঘোষণা কবিরের পক্ষের লোকজন ঘটনাস্থলের কাছাকাছি থাকা বিপ্লবের ভাগনে ও ব্যবসায়ী শাকিল চৌধুরী রনিকেও মারধর করেন বলে স্থানীয় সুত্র জানা গেছে। পরে আহত তিনজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে বারৈয়াহাট-হেঁয়াকো-রামগড় আঞ্চলিক মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ভূজপুর থানা ও দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হেঁয়াকো বাজার উত্তর চট্টগ্রামের অন্যতম বড় বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন এ বাজারে বিপুলসংখ্যক মানুষ ও যানবাহনের সমাগম ঘটে। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর স্থানীয় বিএনপির দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে বাজারের পরিবেশে অস্থিরতা তৈরি হয়েছে। দফায় দফায় হামলা-পাল্টা হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে। তবে গতকাল রাত ১২টার পর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত হলেও স্থানীয়দের মধ্যে এখনো উদ্বেগ ও উৎকণ্ঠা কাটেনি।

স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় বিএনপির দুটি পক্ষ সক্রিয়। একটির নেতৃত্বে রয়েছেন বিএনপি নেতা নাসির উদ্দিন বিপ্লব। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি সেসব মামলায় জামিনে রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। দলের স্থানীয় বেশ কয়েকজন নেতাকর্মী তাঁর সঙ্গে সক্রিয়। তিনি সংসদ সদস্য সরোয়ার আলমগীরের অনুসারী হিসেবে পরিচিত বলে এলাকায় জনশ্রতি রয়েছে।

অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন ভূজপুর থানা যুবদলের সাবেক আহ্বায়ক নুরুল আমিন আজাদ। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের অনুসারী হিসেবে পরিচিত। এ পক্ষের সঙ্গে ঘোষণা কবিরসহ স্থানীয় বেশ কয়েকজন নেতাকর্মী সক্রিয় রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, হেঁয়াকো এলাকার বিভিন্ন খাতের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত। বালু-মাটি, গাছ-বাঁশ, চোরাই রাবার ও পরিবহন খাতের পাশাপাশি চোরাই গরু, ইয়াবা ও সিগারেট পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এসব খাতের নিয়ন্ত্রণ এবং চাঁদার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ ক্রমেই বাড়ছে বলে মনে করছেন তাঁরা।

বিশেষ করে হেঁয়াকো ট্রাকচালক সমবায় সমিতি ও মালিক সমিতির নামে দুটি সংগঠনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বারৈয়াহাট-হেঁয়াকো-রামগড় আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, বিভিন্ন সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এ কার্যক্রম চলে আসছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপির দুটি পক্ষ সক্রিয় হয়ে ওঠায় চাঁদা আদায়ের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ আরও প্রকট হয়েছে। একটি পক্ষের চাঁদা আদায়ে অন্য পক্ষ বাধা দিচ্ছে বলেও অভিযোগ তাঁদের।

এ বিরোধের জেরে গত ৬ নভেম্বরও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর বাগানবাজার ইউনিয়নের নয়দুলং গ্রামে একটি স্কুল ভবন উদ্ভোধন শেষে ফেরার পথে অপর পক্ষের দুই কর্মীকে একটি কক্ষে নিয়ে নাজেহাল ও মারধর করেন। স্থানীয়দের ভাষ্য, ওই ঘটনার রেশ ধরেই শনিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ভূজপুর থানা যুবদলের সাবেক আহ্বায়ক নুরুল আমিন আজাদ বলেন, ‘কিছু সন্ত্রাসী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি অশান্ত করতে চাইছে। তারা দলের কেউ নয়। তাদের কারণে বিভিন্ন জায়গায় আমাদের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। বিএনপিতে কোনো সন্ত্রাসীর জায়গা হতে পারে না। এতে দলেরই ক্ষতি বেশি।’

অন্যদিকে, বিএনপি নেতা নাসির উদ্দিন বিপ্লবের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে তাঁর কর্মী-সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে বিপ্লব হামলা, মামলা ও হয়রানির শিকার হয়েছেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘রাত সোয়া ১০টার দিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এখন পরিস্থিতি শান্ত। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে রাজনৈতিক দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের বিষয়টি জানতে পেরেছি। এখনো কেউ অভিযোগ বা মামলা করেননি। এলাকায় পুলিশি টহল অব্যাহত রয়েছে।’

ক্যাপশন: সংঘর্ষের পর ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিএনপির একটি পক্ষ।

ইনসেটে: আহত যুবদল নেতা নাছির উদ্দিন বিপ্লব ও যুবদল নেতা ঘোষণা কবির।

Feb2
Feb2