নড়াইলে বিএনপির মোটরসাইকেল বহরে হামলা, নিহত ২
নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিন (৪৫) এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)।
জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করেন।
শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচরে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার বিস্তারিত ও হতাহতের বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।



আপনার মতামত লিখুন