দুই বিএনপি নেতা হত্যার জেরে কালিয়ায় ৫০ বাড়িতে হামলা-ভাঙচুর
নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার ঘটনার জেরে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অন্তত ৫০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার বেন্দারচর এলাকায় এসব ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা বাড়িগুলোতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে হামলা ও ক্ষয়ক্ষতির বিষয়ে স্থানীয় ভুক্তভোগীদের বক্তব্যের সঙ্গে পুলিশের দেওয়া তথ্যের ভিন্নতা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাতক কৃষ্ণ ঘোষের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তবে ওই বাড়ির আশপাশের অন্য কোনো বাড়িতে এ ধরনের ঘটনা দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।
অন্যদিকে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে কালিয়া থানা পুলিশ জানিয়েছে, বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পুলিশের দাবি, ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই। এ ঘটনায় কোনো হিন্দু পরিবারের সদস্য কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।
পুলিশ আরও জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় বেন্দারচর সুইচগেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির দুই নেতা নিহত হন। নিহতরা হলেন কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০)।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দুই নেতাকে হত্যার ঘটনার জেরে শুক্রবার বিকেল থেকে নিহতদের বিক্ষুব্ধ স্বজন এবং বিএনপি ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী বেন্দারচর গ্রামে একত্রিত হন। একপর্যায়ে হত্যাকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে তারা চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক।
তবে স্থানীয় ভুক্তভোগীদের দাবি, এ পর্যন্ত অন্তত ৫০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু বলেন, এ হামলার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না। দুই নেতাকে হারিয়ে তারা অত্যন্ত শোকাহত।



আপনার মতামত লিখুন