কিশোর হত্যা মামলা
সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
গত ১৭ নভেম্বর একই মামলায় সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ওই দিন রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে কিশোর আবদুল মোতালিব মারা যায়। এ ঘটনায় তার বাবা আব্দুল মতিন ২৬ আগস্ট ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এজাহারে সাঈদ খোকনের নাম ২৯ নম্বর আসামি হিসেবে রয়েছে।



আপনার মতামত লিখুন