শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও স্ত্রীর রায় আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:২১ সকাল
শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও স্ত্রীর রায় আজ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা হবে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর)।

হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রায় ঘোষণার কথা রয়েছে। বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি সাজা পরিবর্তন হবে, তা জানা যাবে রায়ে।

এর আগে সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। পরে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

বিচারিক কার্যক্রম শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

আলোচিত এ মামলার রায়ের অপেক্ষায় রয়েছেন নিহত শিশুটির স্বজনেরা।

Feb2
Feb2