হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড
জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মোহাম্মদ সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগান, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান, যোগাযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তথ্য জানতে সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তাঁর বাবা আব্দুল মতিন ২৬ আগস্ট ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এজাহারে সাঈদ খোকন ২৯ নম্বর আসামি।
এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে এসআরবি। পরে তাঁকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।



আপনার মতামত লিখুন