জাজিরায় বিএনপি-আ.লীগ সমর্থকদের সংঘর্ষে নিহত ১, আহত ২
শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইব্রাহিম সিপাহী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম সিপাহী যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হন।
এদিকে সংঘর্ষের সময় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ, ককটেল বিস্ফোরণ, বিএনপির অবস্থান কর্মসূচিতে ভাঙচুর এবং প্রায় ২০টি মোটরসাইকেলসহ একটি রেস্টুরেন্ট ও খাবার হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিকেনগর এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে এলে সেখানে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবর্ষণ হয়। এতে প্রায় দেড় ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে।



আপনার মতামত লিখুন