রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে আগামী সোমবার (২৩ নভেম্বর) থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক সংলাপে বসবেন তিনি। আলোচনায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা অংশ নেবেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সংলাপের আনুষ্ঠানিক সূচনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির রাজনৈতিক পরিষদের এক সদস্য।
সংলাপ প্রসঙ্গে এনসিপির ওই নেতা জানান, ঐক্যের বিষয়ে যেকোনো ইতিবাচক উদ্যোগকে তারা স্বাগত জানান। তবে রাষ্ট্র সংস্কার এবং গণভোট বাস্তবায়নের প্রশ্নে দলটির অবস্থানও স্পষ্ট ও দৃঢ়। আওয়ামী লীগ প্রসঙ্গেও তাদের ইতিবাচক অবস্থানের কথা আলোচনায় জানানো হয়েছে। সোমবারের বৈঠক সম্পর্কে জানতে চাইলে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, ‘ইতিবাচক।’
এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ওই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। এর ধারাবাহিকতায় অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও নাশকতার অভিযোগে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার মধ্যে থানায় অগ্নিসংযোগ এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, এস এম জিলানী, মো. সেলিমুজ্জামান মোল্লা ও কে এম বাবরের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও রয়েছে। এসব সহিংসতার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ সংগঠনগুলোকে দায়ী করার অভিযোগ উঠেছে।
এদিকে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের অন্তত ৮৭টি শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। পৃথক এসব হামলা ও নাশকতার ঘটনায় বিএনপির তিন নেতাসহ দুই বাস কন্ডাক্টর নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এমন পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা মোকাবিলা, পারস্পরিক সমন্বয় এবং জাতীয় ঐক্য জোরদার করতেই বিভিন্ন দলের সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক এই সংলাপ আয়োজন করা হচ্ছে।



আপনার মতামত লিখুন