করোনাভাইরাসঃ চবি থেকে কোয়ারেন্টাইনে ৬
চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলের ৩২০ নাম্বার কক্ষ থেকে ইতালি ফেরত একজনসহ করোনাভাইরাসের সংক্রমণের শঙ্কায় ছয় যুবককে উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। পরে তাদের তাৎক্ষণিকভাবে ফৌজদারহাটে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। রোববার দিবাগত রাত ২ টায় তাদের উদ্ধার করা হয়।
ওই ছয়জন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ইতালি ফেরত প্রবাসী দস্তগীর হোসাইন মাহফুজ ও সদর থানার সিরাজাম মুনির দুর্জয়, কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) শিক্ষার্থী সাইফুল ইসলাম ও ইব্রাহীম খলীল এবং চবি উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহনেওয়াজ রানা ও একই বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়। জয় ও রানা আব্দুর রব হলের ওই কক্ষে থাকতেন।
জানা যায়, গত ৫ মার্চ ইতালি থেকে ফেরেন দস্তগীর হোসাইন মাহফুজ নামে ওই যুবক। বিমানবন্দরের কোনো চেকআপ না করিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি। তার সাথে আসে নিজ এলাকার বন্ধুরা। তারা সাজেক ভ্রমণের জন্যই মূলত এখানে এসেছিল। বিগত বেশ কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের ওই কক্ষে অবস্থান করছিলেন তারা। আর তাদের নিয়ে আসেন শাহনেওয়াজ নামে বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। প্রায় ২-৩ দিন পর্যন্ত তারা হলে অবস্থান করার পর গতকাল রাতে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাদের উদ্ধার করে তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে পাঠায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ বলেন, আমরা তাৎক্ষণিকভাবে ওই ছয়জনকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছি। পরীক্ষা নিরীক্ষা করে তাদের যাচাই করা হবে। আর যে শিক্ষার্থী তাদের এখানে এনেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন