যশোরে ফেইসবুক লাইভে ঘোষণা দিয়ে যুবকের আত্মহত্যা
নিলয় ধর,যশোর প্রতিনিধি : যশোরের শার্শায় স্ত্রীর ওপর অভিমান করে ফেইসবুক লাইভে ঘোষণা দিয়ে রফিকুল ইসলাম (৪০) নামে সদ্য প্রবাস ফেরত একজন যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান পুলিশ।
নিহত রফিকুল ইসলাম শার্শার নাভারন কাজিরবেড় গ্রামের দিদার হোসেনের ছেলে। শার্শা থানার ওসি বদরুল আলম খান জানিয়েছেন, গত বুধবার সন্ধ্যায় ফেইসবুক লাইভে আত্মহত্যার ঘোষণা দিয়ে বিষ পান করেন রফিকুল। পরে তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে।
নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেছেন, রফিকুল ইসলাম নামের ওই যুবক দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিল। ১৩ দিন আগে তিনি দেশে ফেরত আসে। মালয়েশিয়ায় থাকাকালীন উপার্জিত সব টাকা তিনি তার স্ত্রীর নামে দেশে পাঠাতেন। রফিকুল দেশে ফেরার পর তার স্ত্রী স্বামীর পাঠানো টাকা আত্মসাৎ করে রফিকুলের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে দেশে ফিরে রফিকুল ইসলাম মানসিকভাবে ভেঙে পড়েন এবং চিন্তাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।
আত্মহত্যার আগে রফিকুল ফেইসবুক লাইভে ঘটনাটি বলে যান এবং ১০০ টাকার একটি ননজুডিশিয়াল স্টাম্পে তার স্ত্রীর সহযোগীদের নাম লিখে গেছেন বলেও জানিয়েছেন সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান। তিনি আরও বলেছেন, লাশ ও সব আলামত আমরা সংগ্রহ করেছি। নিহতের স্ত্রী মনিরা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন