রাউজানে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন, ১৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায়
নেজাম উদ্দিন রানা,রাউজান(চট্টগ্রাম):
চট্টগ্রামের রাউজানে সরকার ঘোষিত কঠোর লকডাউনে কঠোর অবস্থানে ছিল উপজেলা প্রশাসন। শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া লকডাউন চলাকালে উপজেলা সদরের জলিলনগর, ফকিরহাট, মুন্সিরঘাটা, দক্ষিণ রাউজানের নোয়াপাড়া, পাহাড়তলী আর কাগতিয়া এলাকায় লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উত্তর ও দক্ষিনে অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অতীশ দর্শী চাকমা। এছাড়া লকডাউন কার্যকর করতে সকাল থেকে মাঠে ছিল রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুনের নেতৃত্বে রাউজান থানা পুলিশের টিম। অভিযানে র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। শুক্রবার সারাদিন রাউজান উপজেলা সদরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে লকডাউন অমান্য করায় ১০টি মামলায় ১২ হাজার ৫০০টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
দক্ষিণ রাউজানের পাহাড়তলী, নোয়াপাড়া পথেরহাট, কাগতিয়া বাজারসহ বিভিন্নস্থানে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অতীশ দর্শী চাকমা। অভিযান চলাকালে লকডাউন অমান্য করায় ৪টি মামলায় ২ হাজার ৬০০ টাকা জরিমানা করেন। অভিযান চলাকালে দেখা যায়,
রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, সিএনজি অটোরিক্সা, ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি, খাবার দ্রব্য পরিবহনের যানবাহনগুলো ছাড়া সড়কে যাত্রী বহনকারী গাড়ী চলাচল করেনি। যারা অতি প্রয়োজনে সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেল নিয়ে বের হচ্ছেন তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও
আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর জেরার মুখে পড়তে হয়েছে। সকাল ও বিকেলে উপজেলার বিভিন্নস্থান ঘুরে দেখা গেছে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অনেকটাই ফাঁকা ছিল। তারপরও যারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন তাদেরকে জরিমানা গুণতে হয়েছে।
উপজেলার বিভিন্ন হাটবাজারে ঔষদের দোকান, মুদির দোকান ছাড়া সব মার্কেট, বিপণিবিতান এবং দোকানপাট বন্ধ ছিল।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন মাঠে রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া যারা ঘর থেকে বের হবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসন প্রতিদিন মাঠে থাকবে।
২৪ঘণ্টা/নিজাম



আপনার মতামত লিখুন