হাটহাজারীতে গণটিকা কার্যক্রমে ব্যাপক সাড়া
হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
দেশের অন্যান্য উপজেলার ন্যায় হাটহাজারীতেও করোনার গণটিকা কার্যক্রম সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম জেলায় উপজেলা পর্যায়ে করোনা ভাইরাসে সবচেয়ে বেশী সংক্রমিত হাটহাজারী উপজেলায় গণটিকা কার্যক্রমে ব্যাপক সাড়া মেলেছে।
শনিবার উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় চলে গণটিকা কার্যক্রম। সকাল ৯টা থেকে টিকাদান কর্মসূচী শুরু হলেও এর ঘন্টাখানেক আগে থেকে টিকাদান কেন্দ্রগুলোতে ভিড় জমান অনেকে।শনিবার সকালে মেখল ইউনিয়ন টিকাদান কেন্দ্র, ফতেপুর ইউনিয়ন টিকাদান কেন্দ্র এবং হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, আগে থেকে রেজিস্ট্রেশনকারীদের পাশাপাশি তাৎক্ষণিক এনআইডি দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে মানুষ টিকা গ্রহণ করছে। টিকাগ্রহণের জন্য বয়োবৃদ্ধ পিতা-মাতাদেরও তাঁদের সন্তানেরা টিকা কেন্দ্রে নিয়ে এসেছে। প্রতিটি কেন্দ্রে টিকাদান কাজে স্বাস্থ্য কর্মীদের স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ এবং আনসারের পাশাপাশি বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা সহযোগীতা করেন।কথা হলে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ শামিম জানান, ফতেপুরবাসী স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণ করেছে। টিকাদানে উৎসাহিত করতে প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এদিকে সকাল থেকে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা মোঃশাহরীয় কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সৈয়দ মোঃ ইমতিয়াজ হোসাইন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃশাহিদুল আলম জানান,‘ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কার্যক্রমে সারাদেশের মত হাটহাজারীতেও পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান করা হচ্ছে। বয়স্ক, মহিলা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সৈয়দ মোঃ ইমতিয়াজ হোসাইন জানান, গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে শনিবার হাটহাজারী পৌরসভা, গড়দুয়ারা, চিকনদন্ডী, ফতেপুর, মেখল, ধলই, দক্ষিন মাদার্শা, বুড়িশ্চর এবং ফরহাদাবাদ ইউনিয়নে ৬’শ করে মোট ৬ হাজার মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। রবিবার উপজেলার উত্তর মাদার্শা, মির্জাপুর, নাঙ্গলমোড়া, ছিপাতলী এবং গুমানমর্দন ইউনিয়নে গণটিকা কার্যক্রম চলবে।
২৪ঘণ্টা /রাসেল



আপনার মতামত লিখুন