সরকারী নির্দেশনা অমান্য করে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি, সীতাকুণ্ডে চার আড়তকে ৩০ হাজার জরিমানা
চাল ও ধান বাজারজাতকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হলেও এ আইন মানছেন না ব্যবসায়ীরা। এ দুটি ভোগ্যপণ্যের মোড়কে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে সরকারের কড়া নিষেধাজ্ঞা থাকলেও চাল ব্যবসায়ীরা এখনও প্লাস্টিকের বস্তায় অবাধে চাল বিক্রি করছেন। আর এমন সংবাদে সীতাকুণ্ডে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধ প্লাস্টিকের বস্তায় করে চাল বিক্রি করার অপরাধে চারটি চালের আড়তকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় পাট অধিদপ্তর চট্রগ্রামের সহকারী পরিচালক মো. ওমর ফারুক উপস্তিত ছিলেন। অভিযানে উপজেলার বাড়বকুন্ড বাজারের সুমন স্টোরকে ১০ হাজার, ওমর খাদ্য ভান্ডারকে ১০ হাজার, এ.জে. স্টোরকে ৫ হাজার এবং জাকির স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, দেশীয় পাটশিল্পের সুরক্ষা ও প্লাস্টিকের অপরিকল্পিত ব্যবহার রোধকল্পে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০” এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন