সীতাকুণ্ডে জায়গা নিয়ে বাড়িওয়ালার বিরোধ, দুই ভাই জখম
চট্টগ্রামের সীতাকুণ্ডে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত সোমবার দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শীতলপুরস্থ বগুলা বাজার এলাকার হাজ্বী মনিরুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত দুইজন হলেন নাছির উদ্দিন (৩১) ও নছিম উদ্দিন (২৮)। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলার ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় তাদের মা আনোয়ারা বেগম বাদী হয়ে গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড মডেল থানায় প্রতিপক্ষের ৬জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, আনোয়ারা বেগম তার পিতার ত্যাজ্যবিত্ত পৈত্রিক ভিটা বাড়িতে কিছু সম্পত্তির মালিক হয় যা ইতিপূর্বে শালিশী বৈঠকের মাধ্যমে নির্ধারণ হয়েছিল। শালিশী বৈঠকের মাধ্যমে প্রাপ্ত সেই জায়গায় ঘর তোলার উদ্দেশ্যে গত ৭ ফেব্রুয়ারি তারিখে ইট, বালি সহ ঘর করার সরঞ্জামাদি নিয়ে গেলে সেখানে তাঁর ভাই মোহাম্মদ জাফর মোঃ আফছার এবং জাফরের ছেলে রহিম উদ্দিন ও গিয়াস উদ্দিন সহ আরো কয়েকজন আনোয়ারা বেগম ও তার দুই পুত্রের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এতে আনোয়ারা বেগমের দুই পুত্র নাসির উদ্দিন ও নসিম উদ্দিন গুরুতর জখম হয়। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এই ঘটনায় উভয় পক্ষ পরস্পর দোষারোপ করে থানায় মামলা দায়ের করেছেন। সীতাকুণ্ড থানার ওসি তদন্ত সুমন বণিক বলেন,”আমরা উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। অভিযোগ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন