রাউজানে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।২৩ জুলাই (শনিবার) উপজেলা মৎস্য কর্মকর্তার অফিসে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর। এ সময় উপস্থিত ছিলেন সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। মতবিনিময় সভায় মৎস্য অফিসের মাঠ কর্মকর্তা বোরহানুল হকসহ রাউজানে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ২৪ জুলাই রোববার রাউজান পিংক সিটির লেকে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর র্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে।
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্য চাষীদের সাথে মতবিনিময়, মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্যচাষীদের মাছচাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ, মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার,এসি ল্যান্ড অতিশ দর্শী চাকমাসহ জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষে রাউজানের বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
জে-আর


আপনার মতামত লিখুন