৮টার অফিস খুললেন ১১টায়
মিরসরাইয়ে বাকপ্রতিবন্ধি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র!
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সেবা নিয়ে অভিযোগ ওঠেছে। এক সময় দৈনিক শত শত মানুষ সেবা নিতে আসতো এই পরিবার পরিকল্পনা কেন্দ্রে। বর্তমানে ভালো সেবার পরিবেশ সন্তোষজনক না হওয়ায় আগ্রহ থাকলেও সেবা নিতে আসে না অনেকে।
অভিযোগ আছে, সরকারি নিয়ম অনুযায়ি সকাল ৮টায় অফিস খোলার ঘোষণা থাকলেও বেশিরভাগ সময় দুর্গাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটিতে সকাল পৌনে এগারটা বাজলেও গেইটে তালা দেওয়া থাকে। রোগীদের বসার সিটও নেই।
ভবনে আগাছা আর স্যাঁতসেঁতে পরিপূর্ণ, জানালার গøাস ভেঙে চূর্ণ-বিচূর্ণ। প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও স্থাপনের জায়গা নেই। ছয় রুম বিশিষ্ট ভবনের ৪টি অকেজো, কর্মকর্তা আর কর্মচারীদের থাকার কোয়ার্টারে ২ ইউনিটের ৬ রুমের ভবনের আরও ভয়ংকর অবস্থা, দেখলে মনে হয় রাতে বসে দুষ্কৃতিকারীদের জলসা।
সেবা নিতে আসা গর্ভবতী সোনিয়া আক্তার অভিযোগ করে বলেন, প্রায় ৫ থেকে ৬ বছর আগেও এ স্বাস্থ্য সেবা কেন্দ্রের মান খুবই ভালো ছিলো। এখন ভালো সেবা এবং ভবনের পরিবেশ ভালো না হওয়ায় অনেকের আগ্রহ থাকলেও সেবা নিতে আসতে চায়না।
সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কেন্দ্রটি খোলার বিষয়ে দায়িত্বশীলদের কোনো তদারকি নেই। সকাল সোয়া দশটার দিকে এসে অফিস সহায়ক কুশুম বিকাশ দাস তড়িঘড়ি করে তালা খুলছেন।
এর মিনিট দশেক পর আসেন দায়িত্বে থাকা কেন্দ্র ভিজিটর লায়লা আক্তার। এর আগেই কেন্দ্রে চিকিৎসা নিতে হাজির স্থানীয় খালেদা আক্তার।
জানা গেছে, ভিজিটর লায়লা আক্তার দীর্ঘ ২০ বছরের বেশি সময় এই কেন্দ্রে দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন প্রসঙ্গে জানতে চাইলে উত্তরে তিনি বলেন ‘মনে নেই’। দেরি করে আসার বিষয়ে তিনি জানান, অনেক সময় রাতেও ফোন করলে সেবা দিতে হয়।
এদিকে অসুস্থ বলে দেরিতে কেন্দ্র খোলার বিষয়টি দামাচাপা দিলেন অফিস সহায়ক কুশুম বিকাশ দাস।
এ বিষয়ে উপজেলা পরিবার কল্যান কর্মকর্তা শাহ মোহাম্মদ নূর বলেন,
ভবন গুলো প্রায় নব্বই থেকে আশি দশকে করা, তাই এঅবস্থা। আমরা ভবনগুলোর বিষয়ে উর্ধতম কর্মকর্তাদের জানিয়েছি এবং লিখিত দিয়েছি আশাকরি ভবন গুলো অল্প সময়ে পুনর্নির্মাণ করা হবে।
দেরিতে অফিস খোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে আমি শুনেছি তবে কেউ এভাবে বলেনি। আমি তাদের দুই এক দিনের মধ্যে ডাকাব এবং লিখিত জবাবদিহিতা চাইব।
২৪ ঘণ্টা / জে-আর



আপনার মতামত লিখুন