সাতকানিয়ার রক্তযোদ্ধা শাওনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু
বালুবোঝাই ট্রাক আর মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছে চট্টগ্রামের সাতকানিয়ার নুরুল হাসান শাওন (২৫) নামে এক স্বেচ্ছাসেবী ও রক্তযোদ্ধা। গত ২৮ সেপ্টেম্বর (বুধবার) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলাধীন জঙ্গলখাইন ইউনিয়নের ফুলকলির কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল হাসান শাওন সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউপি’র ৫ নং ওয়ার্ডের নুরু ছফার ছেলে।
এ ঘটনায় আব্দুল মোমেন (২০) নামে একজন আশঙ্কাজনক আবস্থায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় আছে।
প্রত্যক্ষদর্শী ও নিকটাত্মীয় সূত্রে জানা যায়, মোটর সাইকেল করে চট্টগ্রাম যাচ্ছিল শাওন ও মোমেন। এসময় একটি বাস’কে ওভারটেকিং করতে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকটির সাথে মোটরসাইকেলের সম্মূখ সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন শাওন। আর আশঙ্কাজনক আবস্থায় মোমেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
শাওনের মৃত্যুতে স্বেচ্ছাসেবী মহলে নেমে এসেছে শোকের ছায়া। বুধবার রাতে শাওনের নিজ এলাকায় তার জানাযা ও দাফন সম্পন্ন হয়। শিহাব নামে এক স্বেচ্ছাসেবী বলেন, নিয়মিত রক্তদান করতেন শাওন।
কোন প্রসূতি বা রক্তের দরকার এমন কেউ ফোন দিলে রাত দিন উপেক্ষা করে রক্তের ব্যবস্থা করে দিতেন শাওন।
রক্তদাতাদের ফোন দিয়ে রক্তের বিষয়টি নিশ্চিত হলে তখন সে শান্ত হতো। কিন্তু দুঃখের বিষয়, সড়ক দুর্ঘটনায় আমরা একজন রক্তযোদ্ধাকে এবং একজন প্রকৃত স্বেচ্ছাসেবীকে হারিয়েছি।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাংসু বিকাশ সরকার বলেন, দুর্ঘটনায় মৃত্যু বরণ করা একজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি। অপর একজন চিকিৎসাধীন থাকার বিষয়টি সম্পর্কেও অবগত আছি।
২৪ ঘণ্টা / জে-আর


আপনার মতামত লিখুন