জোয়ারের পানিতে রাস্তায় ধস
রাউজানের কোতোয়ালীঘোনা প্রাথমিক বিদ্যালয়ের দু’শতাধিক শিক্ষার্থীর ভোগান্তি চরমে
জোয়ারের পানিতে সড়কের একাধিক স্থানে ভাঙন সৃষ্টি হওয়ায় চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের দক্ষিণ-পূর্ব কোতোয়ালীঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সহ শত শত শিক্ষার্থীর যাতায়াতে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হয়েছে। সড়কের ভাঙ্গন কবলিত স্থানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম বাঁশের সাঁকো নির্মাণ করলেও ঝুঁকি নিয়ে সাঁকোটি পাড় হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের।
খোঁজ নিয়ে জানা গেছে, কোতোয়ালীঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন হালদার নদীর ভাঙ্গনে ধসে যাওয়ায় এটি স্থানান্তর করে পুনর্নির্মাণের উদ্যোগ নেন রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী।
সাংসদের আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় সমাজ সেবক আলহাজ্ব খোরশেদ আলম বিদ্যালয়টি পুণঃপ্রতিষ্ঠায় পারিবারিক জমি দান করেন।
বিগত ২০১৬ সালে বিদ্যালয়টির পুণনির্মাণ কাজ শেষ হলে শিক্ষা কার্যক্রম নতুন ভবনে শুরু হয়। বর্তমানে বিদ্যালয়টিতে আড়াই’শ শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, গ্রাম থেকে প্রায় তিন’শ মিটার লম্বা বিদ্যালয়ের সংযোগ রাস্তাটি দিয়ে জোয়ারের পানি গড়িয়ে পড়ছে। এমন অবস্থার মধ্যে দুটিস্থানে প্রায় দশফুট করে রাস্তা ধসে গেছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা বলেছেন ধসে পড়া রাস্তার একটি স্থানে খোরশেদ আলম একটি বাঁশের সাঁকো নির্মাণ করায় ভোগান্তি কিছুটা কমলেও এখনো ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে শিক্ষার্থীদের। এ সাঁকো পাড়াপাড় করে বিদ্যালয়ের নারী
শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা ভয় পাচ্ছে। এলাকার জনসাধারণ এ রাস্তাটির ধসে পড়া স্থানে দ্রুত কালবার্ট নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড় দাবি জানিয়েছেন।
২৪ ঘণ্টা / জে-আর


আপনার মতামত লিখুন