সীতাকুণ্ডে বিদ্যালয়ের সিলিং থেকে দেশীয় অস্ত্র উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভাধীন একটি বিদ্যালয়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালান। সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সীতাকুণ্ড থানা সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভাধীন এলাকার রেলওয়ে ঢেবার পাড়ে অবস্থিত কথাকলি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষের সিলিংয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র—শস্ত্র রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার এস.আই নাছির উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে বিদ্যালয়ে অভিযান চালান। এসময় বিদ্যালয়ের একটি কক্ষের শেষ দিকের সিলিংয়ের উপরে লুকিয়ে রাখা অবস্থায় ৮টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানকালে পুলিশ ঐ এলাকার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. দিদারুল আলম অ্যাপেলোকেও সাথে নিয়ে যান। সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীতাকুণ্ডে ১৫ মামলার আসামি মো. আবু জাফরকে গত ২২ অক্টোবর গ্রেপ্তার করার পর থেকে তার সঙ্গীদের উপর পুলিশ কঠোর নজর দারিতে রাখেন।
পরে পৗরসদরের ঢেবার পাড় এলাকায় অবস্থিত কথাকলি উচ্চ বিদ্যালয়ে বেশ কিছু অস্ত্র লুকিয়ে রাখার বিষয়টি নিশ্চিত হয়ে আমরা এদিন থানায় সন্ধ্যার দিকে একটি জিডি করে সেখানে অভিযান চলানো হয়। অভিযানে বিদ্যালয়ের শেষের পূর্ব পাশের একটি কক্ষের সিলিংয়ের উপরে লুকিয়ে রাখা পরিত্যক্ত অবস্থায় ৪টি কিরিস, ১টি এসএস পাইপ ও ৩টি দা সহ মোট ৮টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, রাতে এসব অস্ত্রগুলো জব্দ করি আমরা। তবে একই গ্রুপের কাছে আরও বেশ কিছু অস্ত্র—শস্ত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে অস্ত্র উদ্ধার বিষয়ে জানতে চাইলে কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি দে বলেন এ বিষয়ে আমি অবগত নই। দীর্ঘদিন ধরে আমার বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের বেড়াগুলো ভাঙা রয়েছে। কোন সন্ত্রাসী গ্রুপ খারাপ উদ্দেশ্যে হয়তো এসব অস্ত্রগুলো ভেতরে লুকিয়ে রেখেছে।
২৪ঘণ্টা/জেআর


আপনার মতামত লিখুন