সাতকানিয়ায় ইয়াবা ও রোহিঙ্গাসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক পাচারকালে ৫ হাজার ২’শ পিস ইয়াবা ও এক রোহিঙ্গা মাদক কারবারিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত সোমবার (২১ নভেম্বর) দিনে ও দিনগত রাতে উপজেলার সদর ইউপির ঠাকুরদিঘী বাজার স্টেশনে তল্লাশি চৌকি স্থাপন করে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রেপ্তার রোহিঙ্গা মাদক কারবারির নাম মো. শফি (৪৮)। সে কক্সবাজার জেলার উখিয়া বালুখালী ১০নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তাকে ২ হাজার ৪’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
অপরদিকে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারির নাম মোহাম্মদ হোসাইন (৩২)। সে টেকনাফ উপজেলার সাবরাং ২ নং ওয়ার্ড হাদুরছড়া হাসানের বাড়ি এলাকার আবুল খায়েরের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার ইয়াবা ও ১ রোহিঙ্গাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে ইতোমধ্যে মাদক আইনে মামলা দায়ের হয়েছে এবং আসামীদ্বয়কে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন