বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশে’র মতবিনিময় সভা
বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশে এর উদ্যোগে এক মতবিনিময় সভা গত ২৬ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ আবদুল হাই নদভীর সভাপতিত্বে ইসলামী গবেষণা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত সভায় মূখ্য আলোচক হিসাবে ‘আলেম সমাজের ঐক্য ও তাসাউফের হাকীকত’ শীর্ষক বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. আ.ক.ম আবদুল কাদের।
মুখ্য আলোচক তাঁর বক্তব্যে কুরআন-হাদীসের আলোকে আলেম সমাজের মর্যাদা, ইসলামে ঐক্যের গুরুত্ব, আলিমগণের পারস্পরিক অনৈক্যের কারণ, ঐক্যের অনুষঙ্গ, ভিন্নমতের আলিমগণের সাথে আচরণধিধি,
তাসাউউফের হাকীকতের বিশ্লেষণ করে বলেন, আলেমগণ সত্যের বাহক এবং মানবগোষ্ঠীর পথপ্রদর্শক। ইসলাম প্রতিষ্ঠার অগ্রবর্তী বাহিনীর অপরিহার্য অংশ হচ্ছে আলেমগণ।
তাদেরকে উপেক্ষা করে সমাজের অন্য কোন গোষ্ঠীর পক্ষে বাংলাদেশের বিবদমান পরিস্থিতিতে ইসলামের পক্ষে গণজাগরণ সৃষ্টি করা অসম্ভব।
তিনি বলেন, আলেমগণ বিভিন্ন প্রকার দ্বীনী খিদমতে নিয়োজিত থাকলেও পারস্পরিক দ্বন্দ্ব-বিসম্বাদ এবং দুর্বল মানসিকতার কারণে তাদের মধ্যে দেশ ও জাতির জন্য বড় কিছু করার সংকল্প সৃষ্টি হয়না। আলেমরা অমুসলিমদের সাথে বসতে পারে, কিন্তু পরস্পর বসতে পারেন না।
যতদিন পর্যন্ত এই মানসিকতার পরিবর্তন হবেনা ততদিন পর্যন্ত আলেম সমাজের পক্ষে দেশ-জাতি ও মুসলিম মিল্লাতের জন্য কাঙ্খিত কিছু করা সম্ভব হবেনা।
তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু ইসলামের মৌলিক বিষয়ে আনুগত্য ও আস্থাশীল থাকলে ক্ষুদ্র মতপার্থক্য ঐক্যের পথে বাধার প্রাচীর হতে পারে না।
আলেম ওলামাদের মধ্যে মতবিরোধের ফলশ্রুতিতে ইসলামী ইজতিহাদি জ্ঞান-বিজ্ঞানের সমৃদ্ধি হয়েছিল, অসংখ্য ফিকহের মাসআলা রচিত হয়েছে।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন মজলিসুল ওলামা বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী। আলোচনা পেশ করেন অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ।
মাওলানা মুহিউদ্দিন মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম,
অধ্যক্ষ ড. মাওলানা আবদুল কাদের নিজামী, কাজী মাওলানা শিহাব উদ্দীন, মাওলানা মুফতি আহমদুর রহমান, ড. মাওলানা মুহাম্মদ ওয়ালী উল্লাহ মুঈন, মাওলানা কাজী জাফর আহমদ,
অধ্যক্ষ মাওলানা আবদুল হামিদ, সুপার মাওলানা নুরুল আলম ফারুকী, মুফতি হাফেজ মুহাম্মাদ ইসহাক, অধ্যক্ষ মাওলানা বদিউল আলম, অধ্যক্ষ মাওলানা হামেদ হাছান, ড. মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের উপস্থিত আলেম-ওলামাগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উক্ত সভায় বিভিন্ন কামিল ও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, মুহাদ্দিস, শিক্ষক ও ওলামা- মাশায়েখ উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন