চন্দনাইশে যোগদান করবেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০৪ সন্ধ্যা
চন্দনাইশে যোগদান করবেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম

চন্দনাইশ উপজেলার নবাগত নির্বাহী অফিসার হিসেবে কিছুদিন পর যোগদান করবেন মাহমুদা বেগম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন মাহমুদা বেগম। তিনি শেরপুর জেলার নকলা উপজেলার দশকাহনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মো. মঞ্জুরুল হক অবসরপ্রাপ্ত একজন ব্যাংক কর্মকর্তা আর মাতা শাহানাজ বেগম একজন গৃহিণী। শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০০৪ সালে প্রথম শ্রেণিতে এসএসসি পাস করেন তিনি। পরবর্তীতে ২০০৬ সালে শেরপুর সরকারি মহিলা কলেজ থেকে প্রথম শ্রেণিতে এইচএসসি, ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে বিএ (সম্মান) এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে প্রথম শ্রেণিতে এমএ পাস করেন।

মাহমুদা বেগম ২০১৩ সালে অনুষ্ঠিত ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে বিসিএস (প্রশাসন) ক্যাডারে মেধা তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেন। অত্যন্ত মেধাবী মাহমুদা বেগম ২০১৬ সালের ১ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ও ৫ জুন মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। সেখানে ২ বছর ৪ মাস দায়িত্ব পালনের পর জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি জামালপুর সদরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।

এরপর জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার এবং সবশেষ মদন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জননী। তাঁর স্বামী একজন ব্যাংক কর্মকর্তা।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2