লোহাগাড়ায় আগুনে পুড়লো ৭ বসতঘর
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের ৮নম্বর ওয়ার্ডের খান মোহাম্মদ সিকদার পাড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৭ পরিবারের বসতঘর। এ অগ্নিকান্ডে ৭ পরিবারের অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২০ ফেব্রুয়ারী) দিনগত রাত ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে গেছে।
এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ গৃহকর্তারা হলেন- মাওলানা নুরুল ইসলাম, হাফেজ রফিক আহমদ, মোহাম্মাদ জিয়াবুল, আব্দুল মজিদ, আব্দুর রউফ, তাওহিদ ও আব্দুল খালেক।
অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বসতঘরগুলো হচ্ছে ইটের দেওয়াল, বাঁশের তৈরী বেড়া ও টিনের ছাউনির।
ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানান, পরণের কাপড়-চোপড়গুলো ছাড়া কিছুই রক্ষা করা যায়নি।
লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর ছবুর ও ক্ষতিগ্রস্থ গৃহকর্তা আব্দুর রউফ জানান, দিবাগত রাত ২টার দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্থ গৃহকর্তা মোঃ জিয়াবুলের রান্নাঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডের শুরুতেই আগুনের লেলিহান শিখা দ্রত ছড়িয়ে পড়ে প্রায় সব বসতঘরে। পরিবারের সদস্যদের শোর-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
এদিকে, সংবাদ পেয়ে চুনতি হতে লোহাগাড়া উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি টিম রাত পৌনে ৩টার দিকে ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন খোলা জায়গায় দিনাতিপাত করছেন বলে জানা হেছে।


আপনার মতামত লিখুন