সীতাকুণ্ডে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের কুমিরায় একটি তুলার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার ছোট কুমিরার হিঙ্গুরী পাড়া এলাকায় ন্যামসন কন্টেইনার ডিপোর পাশে ‘ইউনিটেক্স’-এর মালিকানাধীন তুলার গোডাউনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কুমিরা ইউনিয়ন পরিষদের সদস্য মো: রফিক জানান, গোডাউন সংস্কারে টিনে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ থেকেই আগুনের সূত্রপাত।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র কর্মকর্তা নূরুল আলম দুলাল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও কুমিরা ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন